মাত্র কয়েক বছর আগে তৈরি নির্মাণে ফাটল ধরেছে। কোথাও রাস্তা সংস্কারই হয়নি। অথচ সরকারি নথিতে রয়েছে কাজ হয়ে গিয়েছে! তৃণমূল আমলে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বিরুদ্ধে এমন নানা গাফিলতির অভিযোগ করলেন বর্তমান মন্ত্রী নিশীথ প্রামাণিক। শুধু তা-ই নয়, উদয়ন গুহের আমলে কাজ করা ১২২টি সংস্থাকে শো কজ় করলেন তিনি। কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্তও করা হয়েছে বলে জানিয়েছেন। নিশীথের হুঁশিয়ারি, দুর্নীতিতে অভিযুক্ত কোনও সংস্থা ছাড় পাবে না।
সোমবার তৃণমূল জমানায় উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের করা নানা কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছেন সংশ্লিষ্ট দফতরের মন্ত্রী নিশীথ। ওই দফতর সামলানো প্রাক্তন মন্ত্রী উদয়ন আবাস যোজনায় দুর্নীতি থেকে তোলাবাজির অভিযোগে অভিযুক্ত। বিভিন্ন অভিযোগে অভিযুক্ত কোচবিহারের নেতা কমল গুহের পুত্র এখনও পুলিশ হেফাজতে। শুভেন্দুর মন্ত্রিসভার সদস্য নিশীথের অভিযোগ, অনিয়ম এবং দুর্নীতিতে ভরা ছিল উত্তরবঙ্গ উন্নয়ন দফতর। এ বার স্বচ্ছতার সঙ্গে কাজ হবে। পাশাপাশি, দুর্নীতিগ্রস্ত এবং ঘুষ দিয়ে সরকারি কাজের বরাত পাওয়া সংস্থাগুলোকে কোনও ছাড় দেওয়া হবে না।
সোমবার নিশীথের ঘোষণা, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থেকে কাজের বরাত পেয়েছে, এমন ১২২টি সংস্থাকে শো কজ়ের নোটিস ধরানো হয়েছে। তাদের কাজের গুণগতমান নিয়ে প্রশ্ন রয়েছে। উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে বসে নিশীথ বলেন, ‘‘তৃণমূল জমানায় শুধুমাত্র সাদা কাগজ জমা দিয়েই বহু কাজ করানো হয়েছে। যারা জালিয়াতি করেছে, তাদের শো কজ় করা হয়েছে। যে সমস্ত এজেন্সির যোগ্যতা রয়েছে, তাদেরই শুধু কাজ দেওয়া হবে।’’ তিনি জানিয়েছেন, ১২২টি সংস্থার কাজ খতিয়ে দেখা হচ্ছে। তাদের অডিট চলছে। এ বার থেকে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরে যে যে সংস্থা কাজ করবে, তাদের কাজের ‘কোয়ালিটি টেস্ট’ হবে। ২০২৫ এবং ’২৬ সালের কাজের সঙ্গে যে সমস্ত সংস্থা যুক্ত রয়েছে, তাদের দিকেই বিশেষ নজর থাকছে।
আরও পড়ুন:
নিশীথ বলেন, ‘‘আগের সরকারের সময় কাজের ল্যাব টেস্ট-ই করা হত না। এখন থেকে সমস্ত কাজের ল্যাব টেস্ট বাধ্যতামূলক। সমস্ত কাজের পুঙ্খানুপুঙ্খ পর্যবেক্ষণ করবেন ইঞ্জিনিয়াররা।’’ মন্ত্রীর সংযোজন, ‘‘ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছে। আমি মন্ত্রীর আসনে বসেই বলেছি, কোনও রকম মিডলম্যানের ভিড় যেন না-হয়। ভিড় হয়নি। এর আগে সাদা কাগজ জমা দিয়ে কাজের বরাত পেয়েছেন অনেকে। শো কজ়ের পাশাপাশি ব্ল্যাকলিস্টেডও করেছি কয়েকটি সংস্থাকে।’’