Advertisement
E-Paper

পরীক্ষা দিতে দিতে সংজ্ঞাহীন সপ্তম শ্রেণির ছাত্র, হাসপাতালে নিয়ে যেতে চিকিৎসক জানালেন মৃত! দিনহাটায় চাঞ্চল্য

স্কুল সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন অসুস্থবোধ করে তন্ময় বর্মন। পরীক্ষকের নজরে বিষয়টি পড়ার পর তিনি অন্যান্য শিক্ষক-শিক্ষিকাকে জানান। তড়িঘড়ি ওই ছাত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ অগস্ট ২০২৬ ১৬:৫১

—প্রতীকী চিত্র।

পরীক্ষা দেওয়ার সময় আচমকা সংজ্ঞা হারিয়েছিল ছাত্র। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। সপ্তম শ্রেণির পড়ুয়ার মৃত্যুতে শোকস্তব্ধ কোচবিহারের দিনহাটা-১ ব্লকের ভেটাগুড়ি এলাকা।

মৃতের নাম তন্ময় বর্মন। বয়স আনুমানিক ১৩ বছর। দিনহাটা হাই স্কুলের পড়ুয়াটি সোমবার পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল সূত্রে খবর, পরীক্ষা চলাকালীন অসুস্থবোধ করে তন্ময়। পরীক্ষকের নজরে বিষয়টি পড়ার পরে তিনি অন্যান্য শিক্ষক-শিক্ষিকাকে জানান। তড়িঘড়ি ওই ছাত্রকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু ছেলেটির শারীরিক পরীক্ষা করে চিকিৎসক জানান, সে মারা গিয়েছে। ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে যায় দিনহাটা থানার পুলিশ। পুলিশ দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ছাত্রের আকস্মিক মৃত্যুতে শোকের আবহ দিনহাটা হাই স্কুলে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনারুল হক বলেন, ‘‘আজ (সোমবার) সপ্তম শ্রেণির পড়ুয়াদের ইংরেজি পরীক্ষা ছিল। পরীক্ষা শেষ হওয়ার ১৫-২০ মিনিট আগে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে ছেলেটি। অজ্ঞান হয়ে যায়। সঙ্গে সঙ্গে আমরা ওকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছি...। দুর্ভাগ্যজনক ঘটনা।’’

পরিবারের দাবি, তন্ময়ের কোনও শারীরিক অসুবিধা ছিল না। সুস্থ অবস্থায় পরীক্ষা দিতে গিয়েছিল। ছেলেটির বাবা বলেন, ‘‘আগে কখনও এমনটা হয়নি। কিন্তু বাড়ি থেকে সুস্থ অবস্থাতেই বেরিয়েছিল। হঠাৎ স্কুল থেকে ফোন করে জানাল, ও অসুস্থ। হাসপাতালে গিয়ে দেখি, ও আর নেই!’’ ডুকরে কেঁদে ওঠেন বাবা।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট এলে পরিষ্কার হবে মৃত্যুর কারণ। ময়নাতদন্তের পর পরিবারের হাতে দেহ তুলে দেওয়া হবে।

Dinhata School Boy Death Student Death

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy