জুতো চুরি গেল তিন পুলিশকর্মীর। মন্দিরে প্রণাম করে বেরিয়ে অবাক তাঁরা। কালো বুট খুলে ভিতরে ঢুকেছিলেন। জুতো উধাও হওয়ায় কী করবেন ভেবে পাচ্ছিলেন না। শেষে এলাকার কয়েক জনের সাহায্যে মন্দির লাগোয়া বাজারের দোকান থেকে জুতো কিনে কাজে ফিরলেন তাঁরা। শনিবার ঘটনাটি ঘটে শিলিগুড়ির বিধান মার্কেটের রাধাগোবিন্দ মন্দির চত্বরে। যদিও এ নিয়ে মুখে কুলুপ শিলিগুড়ি কমিশনারেটের ওই পুলিশকর্মীদের।
কী হয়েছিল সে দিন?
প্রত্যক্ষদর্শীদের দাবি, বাজার এলাকায় টহল দেওয়ার সময়ে মন্দিরে প্রণাম করতে ঢোকেন এক মহিলা পুলিশকর্মী-সহ চার জন। পালিশ করা চকচকে কালো জুতো জোড়া খুলেই মন্দিরের ভিতরে যান সকলে। মিনিটদশেক দর্শনের পরে বাইরে বেরিয়ে তাঁরা দেখেন পড়ে রয়েছে শুধু মহিলা পুলিশকর্মীর জুতো। বাকি তিন জোড়া বুট উধাও। পরে ওই এলাকার একটি দোকান থেকে জুতো কেনেন তিন জন। তার পরে ফেরেন কাজে। এ নিয়ে সংবাদমাধ্যমের কাছে কোনও কথা বলতে চাননি ওই পুলিশকর্মীরা।
নামপ্রকাশে অনিচ্ছুক বিধান মার্কেটের এক ব্যবসায়ী বলেন, ‘‘সাদা পোশাকে চার জন পুলিশ এসেছিলেন। মন্দির থেকে বার হয়ে ওঁরা নিজেদের মধ্যেই বলছিলেন, জুতো খুঁজে পাচ্ছেন না। পরে নতুন জুতো কিনে পরলেন।’’ এলাকায় খবর ছড়ায়, পুলিশের জুতোই চুরি গিয়েছে। বাজারের ব্যবসায়ীরা এগিয়ে আসেন। তাঁদের কয়েক জনের সাহায্যেই নতুন জুতো কিনে কাজে ফেরেন ওই পুলিশকর্মীরা।