পুজোর কেনাকাটায় রবিবার সকাল থেকেই জমজমাট শিলিগুড়ি শহরের বিভিন্ন বাজার, শপিং মল। বেলা বাড়তেই বিধান মার্কেট, মহাবীরস্থান বাজার, হকার্স কর্নার, শেঠ শ্রীলাল মার্কেট-সহ শহরের একাধিক বাজারে ভিড় জমে। পোশাক, জুতো কিনতে অনেকে বাজারে যান। সন্ধ্যার পরে অনেক বাজারে কার্যত পা ফেলার জায়গা ছিল না। একই ছবি দেখা যায় শহরের বিভিন্ন শপিং মলেও। সেবক রোড, মাটিগাড়া, বর্ধমান রোড-সহ বিভিন্ন এলাকার শপিং মলে বিকেলের পরে ভিড় আরও বেশি হয়। রাত পর্যন্ত অনেককে কেনাকাটা করতে দেখা যায়। এ দিন ভাল ব্যবসা হওয়ায়খুশি ব্যবসায়ীরাও।
এ দিন শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, ইসলামপুর এবং আশপাশের বিভিন্ন এলাকা থেকেও অনেকে পুজোর কেনাকাটার জন্য শহরে আসেন। তবে এ দিন বিকেলের পরে আচমকা আবহাওয়ার পরিবর্তন কিছুটা সমস্যায় ফেলে ক্রেতাদের। বিকেল থেকেই শুরু হয় দফায় দফায় বৃষ্টি। ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, কয়েক দিন ধরেই পুজোর বাজারে ক্রেতাদের আনাগোনা বাড়ছিল। তবে মাসের শুরু হওয়ার পর থেকেভিড় বেড়েছে।
ব্যবসায়ী অসিত দাস বলেন, ‘‘পুজোর আগে পোশাক-সহ বিভিন্ন সামগ্রী কিনতে প্রতিদিনই ক্রেতারা আসছেন। গত কয়েক দিনে বিক্রিও বেড়েছে।’’ রাত পর্যন্ত বিভিন্ন বাজার ও শপিং মলে ভিড় থাকায় শহরের বিভিন্ন এলাকায় যানজটও ছিল। আগামী সপ্তাহে ভিড় আরও বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা। যদিও ব্যবসায়ীদের একাংশ জানিয়েছেন, অন-লাইনে কেনাকাটার জেরে দোকানের ব্যবসায় কিছুটা ভাটা পড়েছে।