E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

কাঁচা চা পাতা বেচতে পারলেন না শ্রমিকেরা

এলাকার একাধিক ব্যবসায়ী চা পাতা কিনতে রাজিও হয়েছিলেন। পরে তাঁরা বেঁকে বসেন। নিরুপায় হয়ে চা পাতা তাঁরা বাগানের পাতা ওজন ঘরের মধ্যে জমা করে রেখে দেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ নভেম্বর ২০২৫ ০৭:৪৩
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

কাঁচা পাতা তুলে বিক্রি করতে পারলেন না ক্রান্তি ব্লকের সুবর্ণপুর চা বাগানের শ্রমিকেরা। মঙ্গলবারের মধ্যে বাগান না-খুললে বাগান থেকে কাঁচা চা পাতা তুলে বিক্রি করার হুঁশিয়ারি দিয়েছিলেন তাঁরা। সেই মতো মঙ্গলবার বাগানের শতাধিক শ্রমিক ৫ নম্বর সেকশন থেকে প্রায় আড়াই কুইন্টাল চা পাতা তোলেন। এলাকার একাধিক ব্যবসায়ী চা পাতা কিনতে রাজিও হয়েছিলেন। পরে তাঁরা বেঁকে বসেন। নিরুপায় হয়ে চা পাতা তাঁরা বাগানের পাতা ওজন ঘরের মধ্যে জমা করে রেখে দেন।

এ বিষয়ে বাগানের ম্যানেজার রিয়াজ চৌধুরী বলেন, ‘‘শ্রমিকেরা এ দিন বেআইনি ভাবে বাগান থেকে কাঁচা চা পাতা তুলেছেন। এই ধরনের প্রবণতা চলতে থাকলে চা শিল্প অস্তিত্ব সঙ্কটে পড়বে।’’ বিষয়টি ক্রান্তি ফাঁড়ির পুলিশ ও প্রশাসনের বিভিন্ন মহলে জানানো হয়েছে।যদিও ফাঁড়ির এক আধিকারিক জানান, ‘‘বাগান কর্তৃপক্ষের তরফে কোনও অভিযোগ জমা পড়েনি।’’

অন্য দিকে, পুজোর আগে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে বোনাস না-দিয়ে বন্ধ হয়ে যায় বানারহাটের রেড ব্যাঙ্ক চা বাগান ও তার ডিভিশন সুরেন্দ্রনগর। শেষমেষ আগামী ১৭ নভেম্বর খুলতে চলেছে এই চা বাগান। বাগান বন্ধ থাকাকালীন চা বাগানের শ্রমিকদের বোনাস মিটিয়ে দেওয়া হয়। তবে এখনও শ্রমিকদের কিছু পারিশ্রমিক বকেয়া রয়েছে। চা বাগানের মালিক পরিবর্তন করে নতুন মালিককে দেওয়া হয়েছে দায়িত্ব। শ্রমিকেরা আশাবাদী এ বার নিয়ম মেনে চলবে বাগান। চা বাগানের শ্রমিক দীপাঞ্জলি থাপা বলেন, ‘‘শুনতে পারছি ১৭ তারিখ থেকে বাগান খুলে যাবে। এই খবরে আমরা খুব খুশি, আমরা চাই এই বাগান যাতে খুব সুন্দর ভাবে আগামীতে চলতে থাকে।’’


এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
banarhat

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy