দু’দিনের কর্মসূচিতে শিলিগুড়িতে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ২১ থেকে ২৬ অগস্ট পর্যন্ত শিলিগুড়ির কাওয়াখালি ময়দানে ‘৫টি স্তম্ভ: পরিবর্তিত বিচারব্যবস্থা’ শীর্ষক ‘ন্যায় সংহিতা প্রদর্শনী’ অনুষ্ঠিত হবে। এই প্রদর্শনী উপলক্ষে ২০ তারিখ উত্তরবঙ্গ সফরে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আগামী ২১ অগস্ট তিনি আনুষ্ঠানিক ভাবে এই প্রদর্শনীর উদ্বোধন করবেন। উদ্বোধনী মঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী-সহ একাধিক প্রশাসনিক ও রাজনৈতিক ব্যক্তিত্ব। স্বরাষ্ট্রমন্ত্রী ২১ অগস্ট সকালে সীমান্ত সুরক্ষা ব্যবস্থা পর্যালোচনার পাশাপাশি বিএসএফ এবং এসএসবির বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন। পরবর্তীতে কাওয়াখালি ময়দানে পৌঁছে প্রদর্শনীর বিভিন্ন স্টল ঘুরে দেখবেন। এই প্রদর্শনীতে তরুণ প্রজন্ম বিশেষ করে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে শিলিগুড়ি পুলিশ কমিশনারেট উদ্যোগী হয়েছে।
শিলিগুড়ির পাশাপাশি জলপাইগুড়ি, ইসলামপুর এবং দার্জিলিঙের বিভিন্ন স্কুল ও কলেজ থেকে শিক্ষার্থীদের এই ‘মেগা’ প্রাঙ্গণে নিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতায়াত সহজ করতে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে একজন করে পুলিশ কোঅর্ডিনেটর মোতায়েন করা হয়েছে। বিশেষ বাস পরিষেবা থাকবে। এই আয়োজন ও স্বরাষ্ট্রমন্ত্রীর নিরাপত্তা সুনিশ্চিত করতে সমগ্র শিলিগুড়ি ও কাওয়াখালি এলাকা কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে। সিআরপিএফ, এসআইবি এবং রাজ্য পুলিশের শীর্ষ আধিকারিকরা যৌথভাবে ‘অ্যাডভান্স সিকিউরিটি লিয়াজোঁ’ বৈঠক শেষ করেছেন। বাগডোগরা বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
আরও পড়ুন:
আইনি প্রদর্শনীর পাশাপাশি ২২ অগস্ট পাহাড়ের নেতাদের সঙ্গে স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক করার কথা রয়েছে। ওই বৈঠকে সাংসদ রাজু বিস্তা, রাজ্যের পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বিশাল লামা, অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, পাহাড়ের তিন বিধায়ক সোনম লামা, নোম্যান রাই, ভরত ছেত্রী, গোর্খা জনমুক্তি মোর্চার সভাপতি বিমল গুরুং, সাধারণ সম্পাদক রোশন গিরি, জিএনএলএফ সভাপতি মন ঘিসিং, সম্পাদক নিরজ জিম্বা সহ অন্যান্য আঞ্চলিক রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
গোর্খা জনমুক্তি মোর্চার সম্পাদক রোশন গিরি বলেন , “আমন্ত্রণপত্র পেয়েছি। তবে কি বিষয় নিয়ে আলোচনা বা কোথায় বৈঠক হবে সেই কথা এখনও জানানো হয়নি।”
অন্য দিকে, দার্জিলিঙের বিধায়ক নোম্যান রাই বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রীর কর্মসূচির মধ্যেই ২২ তারিখ একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সাংসদ থেকে বিধায়ক এবং পাহাড়ের অন্যান্য নেতার উপস্থিত থাকার কথা রয়েছে৷”