১০০ কোটিরও বেশি টাকা ব্যয়ে শিলিগুড়ি জংশন ও নিউ জলপাইগুড়ি আরপিএসএফ ব্যারাকের পাশে তৈরি হচ্ছে নতুন দু’টি রেল ইঞ্জিন মেরামতের কারখানা (লোকো শেডে)। জংশনের কারখানায় মেরামত করা হবে সমস্ত নতুন ট্রেনের ইঞ্জিন। অন্য দিকে, শুধু বন্দে ভারতের জন্যেই এনজেপি আরপিএসএফ ব্যারাক পার করে তৈরি হচ্ছে আরেকটি রেল ইঞ্জিন মেরামতের কারখানা। মাস দু’য়েকের মধ্যে শিলিগুড়ি জংশনের নতুন কারখানার পরিকাঠামো নির্মাণের কাজ শেষ হয়ে যাবে বলে রেল সূত্রে জানা গিয়েছে। আগামী বছরের শুরুর মধ্যে বন্দে ভারতের মেরামতির কারখানার কাজও শেষ করার লক্ষ্যমাত্রা রেখেছে রেল।
এনজেপির এডিআরএম অজয় সিং বলেন, ‘‘দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে। আগামী বছরের মধ্যে দু’টি লোকো শেডেই ইঞ্জিন মেরামতির কাজ শুরু করার চেষ্টা করা হচ্ছে। বরাতপ্রাপ্ত সংস্থাকে সেইমতো কাজ করতে বলা হয়েছে।’’
বর্তমানে বন্দে ভারত এক্সপ্রেসের মেরামতির জন্যে শিলিগুড়িতে কোনও কারখানা বা পরিকাঠামো নেই। ওই ট্রেন মেরামত করতে হলে হয় কাটিহার নয়তো গুয়াহাটি নিয়ে যেতে হয়। এনজেপির মতো বড় স্টেশনে তাই বন্দে ভারতের ইঞ্জিন মেরামতের প্রস্তাব যায়। রেল সেই প্রস্তাবে সায় দিতেই স্থানীয় রেল কর্তারা জায়গা দেখে ভারতীয় রেলবোর্ডে পাঠায়। সেখান থেকে আর্থিক বরাদ্দ আসতেই কাজ শুরু হয়ে যায়।
অন্য দিকে, পুরনো ইঞ্জিনের বদলে সমস্ত অত্যাধুনির রেল ইঞ্জিন আসতে শুরু করেছে শিলিগুড়ি জংশনের রেল ইঞ্জিন মেরামতের কারখানায়। কিন্তু পর্যাপ্ত জায়গা এবং যন্ত্রপাতি না থাকায় মেরামতে সমস্যা হচ্ছিল। রেলবোর্ড এই প্রস্তাবেও শিলমোহর দিয়েছে। এর পরেই নতুন রেল ইঞ্জিন মেরামতের কারখানার কাজ শুরু হয়ে যায়। আগামী দুই মাসের মধ্যে এই দু’টি কাজ শেষ করার দাবিকরা হয়েছে।