বক্সার জঙ্গলে একটি নয়, বরং প্রথম দফায় জোড়া বাঘ আনার সিদ্ধান্ত নিল রাজ্যের বন দফতর। এ নিয়ে রাজ্য বন দফতরের তরফে প্রস্তাবও যাচ্ছে ন্যাশনাল টাইগার কনজ়ারভেশন অথারিটি (এনটিসিএ)-র কাছে। জোড়া বাঘের জন্য এনক্লোজ়ারের আয়তন বাড়ানোরও পরিকল্পনা নিচ্ছে বন দফতর। তব গোটা পরিকল্পনাটি আদৌ বাস্তবায়ন হবে কি না, সে বিষয়ে অবশ্য চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এনটিসিএ-ই। এনটিসিএ তাদের প্রস্তাব মেনে নিতে পারে ধরে নিয়ে, তার প্রস্তুতিও এখন থেকেই শুরু করে দিচ্ছে রাজ্যের বন দফতর।
২০২১ সাল থেকে একাধিক বার বক্সার ট্র্যাপ ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের দর্শন মিলেছে। কিন্তু শীতের মরসুমে দেখা মেলা সেই বাঘগুলির একটিও স্থায়ীভাবে বক্সায় থাকেনি। ২০২১ সালের আরও আগে থেকেই বক্সায় বাঘ আনার পরিকল্পনা নিয়েছিল বন দফতর। কখনও অসম, তো কখনও আবার অন্য রাজ্য থেকে সেই বাঘ বক্সায় আনার পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু তা বাস্তবায়িত হয়নি। রাজ্যের বনমন্ত্রী হওয়ার কিছু দিন পরে মনোজকুমার ওরাওঁ ইঙ্গিত দেন, বক্সায় ২৯ জুলাই আন্তর্জাতিক বাঘ দিবসে বাঘ আনা হবে। সেই অনুযায়ী, দুই হেক্টর জমিজুড়ে এনক্লোজ়ার তৈরির কাজও শুরু হয়। কিন্তু পরে সেই দিন পরিবর্তন হয়।
দিন কয়েক আগে বনমন্ত্রী জানান, ২৯ জুলাইয়ের বদলে ২ অক্টোবর বাঘ আসবে বক্সায়। বৃহস্পতিবার বনমন্ত্রী আরও জানান, প্রথমে বক্সায় একটি বাঘিনী আনার কথা ছিল। কিন্তু এর আগে একাধিক বার একটি বাঘ বক্সায় এসে বক্সা থেকে ফিরেও গিয়েছে। সে কথা মাথায় রেখে এক সঙ্গে যাতে জোড়া বাঘ বক্সায় আনা যায়, রাজ্যের বন দফতরের তরফে এনটিসিএ-র কাছে সেই প্রস্তাব পাঠানো হচ্ছে।