Advertisement
E-Paper

‘অন্নপূর্ণা ভান্ডারের টাকা না-পেয়ে আত্মঘাতী’! বধূর ঝুলন্ত দেহ উদ্ধারের পর দাবি মালদহের পরিবারের

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্রই দেখা গিয়েছে ক্ষোভের ছবি। এ বার চরম পদক্ষেপ করলেন মহিলা।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০২৬ ১৬:৩৩
মৃত অনিতা খাতুন।

মৃত অনিতা খাতুন। — ফাইল চিত্র।

মালদহে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতার পরিবারের দাবি, অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে আত্মহত্যা করেছেন অনিতা খাতুন। আবেদন করেও টাকা পাননি। সে জন্য পঞ্চায়েত দফতরে গিয়েছিলেন বহু বার। ভাতা না পেয়ে মানসিক অবসাদেই চরম সিদ্ধান্ত নিয়েছেন ৩২ বছরের তরুণী।

মৃত অনিতার বাড়ি মালদহের গাজোল থানার করকচ গ্রাম পঞ্চায়েতের বাচাহার গ্রামে। মৃত মহিলার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের সদস্যদের দাবি, পূর্বতন তৃণমূল সরকারের আমলে লক্ষ্মীর ভান্ডারের টাকা পেতেন তিনি। রাজ্যে ক্ষমতাবদলের পরে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছিলেন। কিন্তু সেই যোজনার টাকা পাননি।

অভিযোগ, তার পরে বার বার পঞ্চায়েত অফিস থেকে ব্লক দফতরে ছুটেছিলেন অনিতা। কিন্তু তিনি কোনও সদুত্তর পাননি বলে দাবি পরিবারের। তারা জানিয়েছে, যোজনার টাকা না পেয়ে তরুণী মানসিক ভাবে ভেঙে পড়েছিলেন। শনিবার সকালে তাঁর স্বামী ইনজামামুল হক কাজে বেরিয়েছিলেন। তার পরেই নিজের ঘরের সামনে বারান্দায় গলায় ওড়না জড়িয়ে অনিতা আত্মঘাতী হন বলে দাবি পরিবারের। ঘটনার তদন্ত শুরু করেছে গাজোল থানার পুলিশ।

যদিও পরিবারের দাবি মানতে নারাজ পুলিশ। মালদহ পুলিশ সুপার অনুপম সিংহ জানান, অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মৃতার সঙ্গে তাঁর স্বামীর অশান্তি লেগেই থাকত। ওই বধূ নির্যাতনের শিকারও হতেন। অন্নপূর্ণা যোজনার ফর্মটি সঠিকভাবে পূরণ করতে না পারার জন্য অনিতা তাঁর স্বামীকে দায়ী করেছিলেন। সেই নিয়ে শুক্রবার রাতেও মৃতার সঙ্গে তাঁর স্বামীর বিবাদ হয়েছিল। সেই বিবাদের কারণে আত্মহত্যা কি না, সব দিক খতিয়ে দেখছে পুলিশ।

অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন বলে অভিযোগ। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ— সর্বত্রই দেখা গিয়েছে ক্ষোভের ছবি। শুক্রবার পশ্চিম মেদিনীপুরে প্রশাসনিক ভবনে বৈঠকের মাঝে মহিলাদের বিক্ষোভে উঠে আসতে বাধ্য হন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। উত্তর ২৪ পরগনায় রেলপথ অবরোধ করেন অন্নপূর্ণা যোজনার টাকা না-পাওয়া মহিলারা। বিক্ষোভ হয় কলকাতাতেও। একই ছবি হুগলিতেও। অন্নপূর্ণা যোজনার টাকা না পেয়ে শুক্রবার দুপুরে বিষ্ণুপুরের মহকুমাশাসকের দফতরে বিক্ষোভে ফেটে পড়েন মহিলারা। টাকা না পেয়ে হরিশ্চন্দ্রপুর-১ ব্লক দফতরে হুলস্থুল পরিস্থিতি। ‘যোগ্য উপভোক্তা’ হয়েও টাকা না মেলায় হতাশ মহিলারা প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। শুক্রবার ধূপগুড়িতে জাতীয় সড়ক অবরোধ করেন প্রায় দুশো মহিলা। শুধু তা-ই নয়, বিডিও অফিসে গিয়েও বিক্ষোভ দেখান তাঁরা।

Annapurna Yojana Suicide

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy