প্রতিমা দর্শন করে সপরিবার গাড়িতে ফেরার পথে দুর্ঘটনায় মৃত্যু হল পুরুলিয়া জেলার আড়শা পঞ্চায়েত সমিতির সভাপতি বিশ্বরূপ মাঝির (৪৫)। সোমবার গভীর রাতে পুরুলিয়া-আড়শা রাজ্য সড়কে হেঁসলার কাছে ঘটনাটি ঘটে। আহত অবস্থায় চিকিৎসাধীন তাঁর স্ত্রী-ছেলে-মেয়ে। মঙ্গলবার বিকেলে আড়শার সিরকাবাদ গ্রামে বিশ্বরূপের দেহ পৌঁছয়।
পুলিশ জানায়, নিজেই গাড়ি চালিয়ে পুরুলিয়া শহরে গিয়েছিলেন বিশ্বরূপ। অনুমান, ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে যায়। দ্রুত চার জনকে উদ্ধার করে পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায় পুলিশ। বিশ্বরূপকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। তাঁর বছরের পাঁচেকের ছেলে গুরুতর আহত হয়েছে। স্ত্রী, মেয়েও চোট পেয়েছেন। পরিবারের লোকজন তাঁদের উন্নত চিকিৎসার জন্য ঝাড়খণ্ডের টাটায় নিয়ে যান। তৃণমূলের টিকিটে জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন বিশ্বরূপ। ছিলেন মমতাপন্থী তৃণমূলে।