Advertisement
E-Paper

১৩ দিনের মধ্যে দেশে ফিরতে হবে টুলু মণ্ডলকে! বীরভূমের ‘পাথরসম্রাট’কে রক্ষাকবচ দিয়েও নির্দেশ সুপ্রিম কোর্টের

পাথর ব্যবসায়ী টুলুর বিরুদ্ধে রাজস্ব তছরুপ, ভুয়ো রসিদ তৈরির মতো অভিযোগে মামলা করেছে পুলিশ। ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) চক্রে অভিযুক্ত অবসরপ্রাপ্ত ওই ভূমি আধিকারিক।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ ১৩:৩৭
টুলু মণ্ডল।

টুলু মণ্ডল। —ফাইল চিত্র।

আগামী ১৩ দিনের মধ্যে দেশে ফিরতে হবে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে। বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ১৭ নভেম্বরের মধ্যে যেন তিনি ফিরে আসেন। একই সঙ্গে রক্ষাকবচও পেয়েছেন বীরভূমের ‘পাথর সম্রাট’। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলুর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ।

পাথর ব্যবসায়ী টুলুর বিরুদ্ধে রাজস্ব তছরুপ, ভুয়ো রসিদ তৈরির মতো অভিযোগে মামলা করেছে পুলিশ। ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) চক্রে অভিযুক্ত ওই অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক। তৃণমূল জমানায় পাথর ব্যবসায়ী হিসেবে টুলু বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। সেই মামলার তদন্তে ইতিমধ্যেই সিউড়ি আদালতে চার্জশিট জমা দিয়েছে পুলিশ। সেখানে মূল অভিযুক্ত হিসেবে নাম রয়েছে তাঁর। পুলিশের দাবি, অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকেই তিনি পলাতক। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, টুলুর বর্তমান ঠিকানা দুবাই।

মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানিতে টুলুর আইনজীবী মুকুল রোহতগি জানিয়েছিলেন, তাঁর মক্কেলকে যদি রক্ষাকবচ দেওয়া হয়, তবেই তিনি দেশে ফিরতে পারেন। তাঁর বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পদক্ষেপ করছে পুলিশ। সওয়ালে আইনজীবী রোহতগি বলেন, টুলু দাউদ ইব্রাহিম নন। দুবাইয়ে গিয়ে বৈধ ভাবেই ব্যবসা করছেন তিনি। সংশ্লিষ্ট মামলায় বিচারপতি দীপঙ্কর দত্ত এবং শীল নাগুর বেঞ্চ রাজ্যের থেকে বক্তব্য জানতে চায়।

বুধবার রাজ্যের তরফে কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টে আশ্বাস দিয়েছেন, টুলু যদি দেশে ফেরেন তবে আপাতত তিনটে সপ্তাহ পুলিশ তাঁকে গ্রেফতার করবে না। তদন্তপ্রক্রিয়া যেমন চলছে, তেমনই চলবে। তবে আদালতে তিনি জানান, দেশে ফিরে টুলু যাতে মামলার সাক্ষী বা প্রত্যক্ষদর্শীদের প্রভাবিত করতে বা তথ্যপ্রমাণ নষ্ট করতে না-পারেন তার নির্দেশও দেওয়া হোক। রাজ্যের বক্তব্য শোনার পর টুলুকে রক্ষাকবচ দিয়ে দেশে ফেরার সময় বেঁধে দিয়েছে শীর্ষ আদালত।

Tulu Mondal Supreme Court

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy