গ্রেফতার হয়েছিলেন আগেই। এ বার ধৃত সেই তৃণমূল নেতাকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে মিলল রেল এবং পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ বোর্ডের ভুয়ো স্ট্যাম্প। শুধু তা-ই নয়, আগ্নেয়াস্ত্র এবং কার্তুজও উদ্ধার করেছে পুরুলিয়ার রঘুনাথপুর থানার পুলিশ।
আরও পড়ুন:
ধৃত তৃণমূল নেতার নাম সাদ্দাম হোসেন আনসারি। তিনি তৃণমূলের সংখ্যালঘু সেলের পুরুলিয়া জেলার সভাপতি ছিলেন। দিন দশেক আগে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে গ্রেফতার হন তিনি। আদালতের নির্দেশে বর্তমানে তিনি পুলিশি হেফাজতে রয়েছেন। পুলিশ সূত্রে খবর, কী ভাবে তিনি প্রতারণা চক্র চালাতেন সেই সংক্রান্ত নানা প্রশ্নের উত্তরে ভেঙে পড়েন সাদ্দাম। তার পরেই মঙ্গলবার রাতে তাঁকে সঙ্গে নিয়ে তাঁর বাড়িতে হানা দেয় পুলিশ। তল্লাশির সময় ধৃতের বাড়ি থেকে একটি ব্যাগ উদ্ধার হয়। সেই ব্যাগের মধ্যে থেকে মিলেছে একটি পিস্তল ও দু’রাউন্ড গুলি। ওই আগ্নেয়াস্ত্রের কোনও বৈধ নথি সাদ্দাম দেখাতে পারেননি বলে দাবি পুলিশের। এ ছাড়াও, তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিয়োগ সংক্রান্ত ভুয়ো স্ট্যাম্প।
এ প্রসঙ্গে জেলা পুলিশের এক আধিকারিক জানান, ধৃতের বিরুদ্ধে আদ্রা থানায় অস্ত্র আইনের ধারা যুক্ত করে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করা হয়েছে। সেই ভিত্তিতে নতুন করে তদন্ত শুরু করেছে পুলিশ।