পুজো চলেই এসেছে। মণ্ডপে মণ্ডপে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সেই সময় একাধিক প্রতিমা অসম্পূর্ণ রেখে চতুর্থীর দিন থেকে এক মৃৎশিল্পী উধাও হয়ে গিয়েছেন বলে অভিযোগ। এর ফলে বেজায় সমস্যায় পড়েছেন পুজো উদ্যোক্তারা। এত কম সময়ে প্রতিমা কী ভাবে প্রস্তুত করবেন, ভেবে কুলকিনারা করে উঠতে পারছেন না।
বোলপুরের পল্লিমঙ্গল সঙ্ঘের পুজো এ বার ১১ বছরে পড়েছে। উদ্যোক্তাদের দাবি, প্রতিমা তৈরির দায়িত্বে থাকা বোলপুরের রায়পুরের মৃৎশিল্পীকে প্রায় পুরো টাকা অগ্রিম বাবদ দেওয়া হয়েছিল। দীর্ঘ ১০ বছর ধরে তিনি এখানে প্রতিমা তৈরির কাজ করছেন। এ বার কাজ অসম্পূর্ণ রেখেই চতুর্থীর দিন থেকে শিল্পীর কোনও খোঁজ মিলছে না। ফোন করেও যোগাযোগ করা যায়নি তাঁকে। বাড়িতে গিয়েও দেখা পাওয়া যায়নি মৃৎশিল্পীর বলে পুজো উদ্যোক্তাদের দাবি।
পুজো কমিটির সদস্য অভিজিৎ ঘোষ বলেন, “চতুর্থীর দিন জানতে পারি, প্রায় পুরো টাকা দেওয়া সত্ত্বেও আমাদের মতো আরও অনেক পুজো কমিটিকে বিপদে ফেলে বেপাত্তা হয়ে গিয়েছেন ওই মৃৎশিল্পী। বাধ্য হয়ে অন্য এক মৃৎশিল্পীর কাছে প্রতিমা নিয়ে গিয়ে কাজ করাচ্ছি।” কমিটির আর এক সদস্য মিলন ঘরামি বলেন, “শিল্পীকে একাধিকবার ফোন করেছি। পাওয়া যায়নি। বাড়িতে বৃদ্ধা মা রয়েছেন। তিনি জানান, এ বিষয়ে কিছুই জানেন না।”
পুজো উদ্যোক্তাদের দাবি, এ দিন রায়পুরে মৃৎশিল্পীর বাড়িতে গিয়ে তাঁরা দেখেন, শিল্পীর কারখানায় বেশ কিছু বরাত দেওয়া প্রতিমা অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। উদ্যোক্তারা মনে করছেন, আরও কিছু পুজো কমিটির সঙ্গে একই ঘটনা ঘটেছে। যদিও ওই মৃৎশিল্পী কেন পুজোর আগে এ ভাবে নিখোঁজ হয়ে গেলেন, তা স্পষ্ট নয়। বৃহস্পতিবার রাত পর্যন্ত থানায় কোনও লিখিত অভিযোগ হয়নি। মৃৎশিল্পীকে ফোনে যোগাযোগও করা যায়নি।