টোম্যাটো, শসা-সহ বিভিন্ন আনাজপাতির দাম না পাওয়ার অভিযোগে প্রায়ই চাষিরা সরব হন। জেলায় উপযুক্ত হিমঘর না থাকায় ফসল নষ্ট হয় বলেও অভিযোগ। এ বার পুরুলিয়ার জয়পুর বিধানসভা এলাকায় পরিবেশবান্ধব খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে তোলার সম্ভাবনা খতিয়ে দেখল প্রশাসন। তাদের সঙ্গে ছিলেন একটি শিল্প সংস্থার প্রতিনিধিরাও।
রবিবার জয়পুর এবং ঝালদা ২ নম্বর ব্লকের কোটশিলায় শিল্পের জন্য সম্ভাব্য জমি পরিদর্শন করা হয়। পরিদর্শনে আসেন জয়পুরের বিজেপি বিধায়ক বিশ্বজিৎ মাহাতো, বিডিও (জয়পুর) জয় মজুমদার, জয়পুর ব্লক ভূমি ও ভূমি সংস্কার আধিকারিক, ঝালদা২ ব্লকের বিভিন্ন দফতরের আধিকারিক এবং একটি শিল্প সংস্থার প্রতিনিধিরা।
পরিদর্শনের পরে বিধায়ক বলেন, ‘‘শিল্পায়ন, বিনিয়োগ বৃদ্ধি, নতুন শিল্প স্থাপন এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যেই এই উদ্যোগ। পরিবেশবান্ধব খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প গড়ে উঠলে এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে। পাশাপাশিস্থানীয় কৃষকেরাও তাঁদেরউৎপাদিত কৃষিপণ্যের বাজার পেয়ে উপকৃত হবেন।’’
বিধায়ক আরও জানান, সংশ্লিষ্ট সংস্থা ওই এলাকায় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প স্থাপনে আগ্রহ দেখিয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এলাকার আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।