এক নাবালিকাকে ধর্ষণ এবং সেই সময়ে ভিডিয়ো রেকর্ডের দায়ে দুই বন্ধুকে দোষী সাব্যস্ত করল পুরুলিয়ার আদালত। সোমবার দু'জনের সাজা ঘোষণাও করল আদালত।
আদালত সূত্রে খবর, ঘটনাটি বছর তিনেক আগের। ১৫ বছরের এক কিশোরীকে জঙ্গলে নিয়ে গিয়ে যৌন নির্যাতন করেন সহদেব মুখোপাধ্যায় নামে এক যুবক। তাঁর বন্ধু হারাধন মুখোপাধ্যায় শ্লীলতাহানির দৃশ্য ক্যামেরাবন্দি করেছিলেন। ‘নির্যাতিতা’কে সেই ভিডিয়ো দেখিয়ে ব্ল্যাকমেল করেন দুই অভিযুক্ত। বলা হয়, কাউকে কিছু জানালে ওই ভিডিয়ো সমাজমাধ্যমে ভাইরাল করে দেওয়া হবে।
২০২৩ সালের ১১ ই নভেম্বরের ওই ঘটনার প্রেক্ষিতে সোমবার দুই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন পুরুলিয়া জেলা ও দায়রা আদালতের দ্বিতীয় কোর্টের বিচারক। শাস্তি হিসাবে সহদেবকে ২০ বছর এবং হারাধনকে ৫ বছরের কারাদণ্ড দেন তিনি।
আরও পড়ুন:
সংশ্লিষ্ট মামলার সরকারি আইনজীবী আনোয়ার আলি আনসারি বলেন, ‘‘ঘটনার দিন দুপুরে বিশেষ ভাবে সক্ষম ওই কিশোরী তার বান্ধবীর বাড়িতে যাচ্ছিল। সেই সময় অভিযুক্তেরা কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে যান। সেখানে তাকে ধর্ষণ করা হয়। অন্য জন ওই সময় সেটি ক্যামেরাবন্দি করে রাখেন।’’ তিনি জানান, পরে ওই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছিল। তার ভিত্তিতে নির্যাতিতার বাবা থানায় লিখিত অভিযোগ করেন। প্রায় তিন মাস পর থানায় অভিযোগ জমা পড়ে। সেই অনুযায়ী পদক্ষেপ করেছে পুলিশ।