Advertisement
E-Paper

বীরভূমের সব থানায় কালীমূর্তি থাকা দরকার, প্রণাম করে রেডে যাবে পুলিশ: মন্ত্রী জগন্নাথ, মনে করালেন রঘু ডাকাতের প্রসঙ্গও

সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, তবে কি এ বার থানার পুলিশকে ডাকাত বলে ভাববেন মানুষ! তৃণমূলের কুণাল ঘোষ জানান, কোনও পুলিশকর্মী উৎসাহ নিয়ে কালীপুজো করলে সেটা তাঁর বিষয়। কিন্তু সরকার থেকে বলে কালীপুজো করানো ঠিক নয়।

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ২০:০৮

বীরভূমে সব থানায় কালীপুজো করা হোক। একটি অনুষ্ঠানে গিয়ে এই কথাই বললেন রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর মতে, অভিযানে যাওয়ার আগে কালীমূর্তিকে প্রণাম করে যাওয়া উচিত পুলিশকর্মীদের। তাঁর মতে, ডাকাতি করতে যাওয়ার আগে রঘু ডাকাতও কালীর পুজো করে যেত। সেই নিয়েই সিপিএম নেতা সুজন চক্রবর্তীর কটাক্ষ, তবে কি এ বার থানার পুলিশকে ডাকাত বলে ভাববেন মানুষ! তৃণমূলের কুণাল ঘোষ জানান, কোনও পুলিশকর্মী উৎসাহ নিয়ে কালীপুজো করলে সেটা তাঁর বিষয়। কিন্তু সরকার থেকে বলে কালীপুজো করানো ঠিক নয়।

বৃহস্পতিবার ছিল বীরভূম জেলা পুলিশের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত হয়েই রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী জেলার সব থানায় কালীপুজো করার কথা বলেন। তাঁর কথায়, ‘‘এসপি সাহেবকে অনুরোধ করব, অন্তত বীরভূমের শক্তিপীঠ, সিদ্ধপীঠের থানাগুলিতে কালীপুজো ভাল ভাবে হোক। থানাগুলিতে কালীমূর্তি থাকা দরকার, ভাল হবে।’’ বীরভূমে রয়েছে তারাপীঠ, কঙ্কালীতলা, ফুল্লরার মন্দিরের মতো শক্তিপীঠ। সেই প্রসঙ্গই মনে করিয়ে থানায় কালীপুজো করার কথা বলেন রাজ্যের মন্ত্রী। এই নিয়ে জেলা পুলিশ সুপার বিদিত রাজ বুন্দেশের বক্তব্য জানা যায়নি।

এই প্রসঙ্গে রঘুডাকাতের কথাও মনে করিয়ে দেন জগন্নাথ। তিনি বলেন, ‘‘রঘু ডাকাতও ডাকাতি করতে যাওয়ার আগে মা কালীর পুজো করে যেত। থানাতেও কালীমূর্তি থাকা দরকার। চোর যখন থানায় ঢুকবে, তখন বলবে, মা যেন ছাড়া পাই! পুলিশ যখন রেডে যাবে, মা কালীকে প্রণাম করে বলে যাবে, আসামিকে ধরতে যাচ্ছি। যেন ধরে আনতে পারি!’’ যেমন হাসপাতালে ঈশ্বরের মূর্তি থাকে, চিকিৎসক অস্ত্রোপচার করতে যাওয়ার আগে তাঁকে প্রণাম করেন, রোগীর পরিজনেরাও করেন, তেমনই থানাতেও থাকবে কালীমূর্তি। এমনটাই মনে করেন জগন্নাথ।

সিপিএম নেতা সুজনের কটাক্ষ, ‘‘পুলিশ রঘু ডাকাতের মতো মা কালীকে প্রণাম করে অভিযানে বেরোবে? পুলিশ তার মানে ডাকাতি করতে যাবে? থানার পুলিশকে কি মানুষ ডাকাত বলে ভাববে?’’ এখানেই থামেননি তিনি। তাঁর কথায়, ‘‘রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রী কী বলতে চাইছেন, মানুষের কাছে পুলিশকে কী প্রমাণ করতে চাইছেন, সেটা নিয়েই সন্দেহ রয়েছে। পুলিশের কাজ তো আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা এবং চোর ডাকাতকে শায়েস্তা করা। পশ্চিমবঙ্গের মানুষের কাছে পুলিশের ভাবমূর্তি কি ডাকাতের মতো বোঝাতে চাইছেন তিনি?’’

মন্ত্রী যদিও ওই অনুষ্ঠানেই জানিয়েছেন, তাঁর এই বক্তব্যে ‘ধর্মীয় দিক’ খুঁজতে যাওয়া ঠিক নয়। জগন্নাথের কথায়, ‘‘এটার মধ্যে ধর্মীয় দিক দেখার দরকার নেই। বাঙালি সংস্কৃতিতে রয়েছে (কালীপুজো)। পুলিশ ক্ষমতা পায় শক্তি থেকে, আর তা হল কালীশক্তি।’’

Jagannath Chatterjee

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy