ঘূর্ণাবর্তের জেরে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। পরিস্থিতি অনুকূল থাকলে বৃহস্পতিবারই সেই নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে উত্তর বঙ্গোপসাগরে। তার জেরে এ দিন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। দুর্যোগ চলবে উত্তরের জেলাগুলিতেও।
বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায়। এর মধ্যে দুই উপকূলীয় জেলা দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে ঝড়বৃষ্টির সম্ভাবনা বেশি। শুক্রবারও দুই মেদিনীপুর ঝাড়গ্রাম এবং পুরুলিয়ায় ভারী বৃষ্টি হতে পারে। এই দু’দিন দক্ষিণের সব জেলাতেই কিছু কিছু জায়গায় বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও।
এ দিন কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আকাশ মোটের উপর মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। হতে পারে বজ্রপাতও।
আরও পড়ুন:
দুর্যোগ থেকে আপাতত নিস্তার নেই উত্তরবঙ্গেও। আগামী রবিবার পর্যন্ত উত্তরের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত ভাবে কম-বেশি ঝড়বৃষ্টি চলবে। শুক্রবার আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বর্ষণ হতে পারে। শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ারে। রবিবারও ভারী বৃষ্টি হতে পারে উত্তরের দুই জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে।
বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের কারণে বৃহস্পতিবার এবং শুক্রবার সমুদ্র উত্তাল থাকতে পারে। পশ্চিমবঙ্গ, ওড়িশা এবং বাংলাদেশের উপকূল লাগোয়া বঙ্গোপসাগরে হাওয়ার বেগ থাকতে পারে ৩৫-৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টা। মাঝেমধ্যে ৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগেও দমকা হাওয়া বইতে পারে। তাই বৃহস্পতি এবং শুক্রবার মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।