দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে তল্লাশি অভিযানে নেমে আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ এবং বোমা উদ্ধার করার পাশাপাশি তৃণমূলের এক বুথ সভাপতিকে গ্রেফতার করল ক্যানিং থানার পুলিশ। ধৃতের নাম আলাউদ্দিন তরফদার। তিনি ক্যানিং থানার দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের উত্তর অঙ্গদবেড়িয়া গ্রামের বাসিন্দা এবং তৃণমূলের বুথ সভাপতি বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, রবিবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে আলাউদ্দিনের বাড়িতে তল্লাশি চালানো হয়। অভিযানে তাঁর বাড়ি থেকে একটি লম্বা বন্দুক, একটি ছোট বন্দুক, চারটি তাজা কার্তুজ এবং একটি তাজা বোমা উদ্ধার করা হয়েছে। তার পরই তাঁকে গ্রেফতার করো হয়।
ধৃতকে সোমবার আলিপুর আদালতে হাজির করানো হবে। তদন্তের স্বার্থে তাঁকে পুলিশি হেফাজতে নেওয়ার আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক কী উদ্দেশ্যে মজুত রাখা হয়েছিল এবং এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছেন কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।