রাজ্যের ছ’টি জেলায় মঙ্গলবার ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার ভারী বৃষ্টি হতে পারে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে। তালিকায় রয়েছে উত্তরের তিন জেলাও— জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। রাজ্যের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্ত ভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বজ্রপাত এবং ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান, উত্তরপ্রদেশ, হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে। এ রাজ্যে পুরুলিয়া এবং দিঘার উপর দিয়ে তা পূর্ব দিকে গিয়ে ত্রিপুরা পর্যন্ত বিস্তৃত রয়েছে। বিহারের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত। এর প্রভাবে ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়ছে দক্ষিণবঙ্গে।
মঙ্গলবার কলকাতায় আকাশ মোটের উপর মেঘলা থাকবে। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিরও সম্ভাবনা রয়েছে। সকালের দিকে পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর এবং দুই উপকূলীয় জেলা পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
মঙ্গল এবং বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্ত ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। বুধবার ভারী বর্ষণ হতে পারে বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়। এর পরে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। তবে উত্তরবঙ্গে দুর্যোগ চলবে আরও বেশ কিছু দিন।
মঙ্গলবার উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টি হতে পারে। বুধ এবং বৃহস্পতিবারে ঝড়বৃষ্টি কিছুটা কমতে পারে। তার পরে ফের বৃষ্টির দুর্যোগের মুখে পড়তে পারে একবারে উত্তরের দিকের জেলাগুলি। শুক্রবার ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পঙে। শনিবারও দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।
মৌসুমি অক্ষরেখা আর ঘূর্ণাবর্তের প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার পর্যন্ত ঝড়বৃষ্টি চলতে পারে। বৃহস্পতিবার থেকে কমতে পারে বৃষ্টির পরিমাণ, তবে পুরোপুরি থামবে না।