ভোর থেকেই ভিজছে কলকাতা। কখনও ঝিরিঝিরি, আবার কখনও ঝমঝমিয়ে বৃষ্টি। আকাশ মেঘলা। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার দিনভর কলকাতার আবহাওয়া এমনই থাকবে। ক্ষণে ক্ষণে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। শুধু কলকাতা নয়, দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর।
একটি মৌসুমি অক্ষরেখা রয়েছে উত্তরবঙ্গের উপরে। রাজস্থানের বীকানের থেকে বিহারের পটনা হয়ে উত্তরবঙ্গের মালদহের উপর দিয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত রয়েছে মৌসুমি অক্ষরেখাটি। পাশাপাশি উত্তরবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত এলাকাও তৈরি হয়েছে। তার ফলে রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাসও রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণের সব জেলাতেই বুধবার কমবেশি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া। আগামী দু’দিনও দক্ষিণবঙ্গ জুড়ে হাওয়া বদলের সম্ভাবনা কম। বুধবার দুই বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন:
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বুধবার অতিভারী বৃষ্টি হতে পারে। এই পাঁচ জেলার জন্য কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
কলকাতার আকাশ মেঘলা থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াস আর সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে।