কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস। সেই সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। তবে উত্তরবঙ্গে আপাতত দুর্যোগ কমবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে কোথাও কোথাও বিক্ষিপ্ত ঝড়বৃষ্টি হতে পারে।
আলিপুর আবহাওয়া দফতরের দেওয়া তথ্য অনুযায়ী, বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। সব জেলাতেই জারি হলুদ সতর্কতা। আগামী শুক্রবার পর্যন্ত দক্ষিণবঙ্গে হাওয়া বদলের সম্ভাবনা কম। শনিবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পরিমাণ কমতে পারে।
দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির পূর্বাভাস থাকলেও উত্তরবঙ্গে দুর্যোগ কমবে, জানাল হাওয়া অফিস। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং, কোচবিহারে ঝড়বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে দুই দিনাজপুর এবং মালদহে বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবারও একই আবহাওয়া থাকবে উত্তরের সব জেলাতেই। শুক্রবার থেকে আপাতত উত্তরের কোনও জেলাতেই ঝড়বৃষ্টির পূর্বাভাস নেই।
আরও পড়ুন:
বুধবার কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করবে। মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি সেলসিয়াস কম। তবে সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে ০.৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস।