Health Partner
Comfort Partner
Knowledge Partner

মাংস-চাল-আলু দিয়েই তৈরি, কিন্তু বিরিয়ানি নয়! পুজোর পরে পেট ঠিক করতে ঝটপট বানিয়ে নিন এই পদ

উৎসবের দিনগুলোয় তেল-মশলা ঠাসা খাবারদাবার খাওয়া হয়েছে দেদার। এ বার পেটকে বিশ্রাম দিতেই হয় একটু। শরীর ভাল রাখতে তাই অনেকেই একটু হালকা খাবার খেতে চান কিছু দিন। যদি জানা থাকে এমন একটা পদ, যা খুব হালকা, খেতে ভাল আর তাড়াতাড়ি রেঁধেও ফেলা যায়, তা হলে কেমন হয়?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৬ ২৩:১৩
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আবার সে এসেছে ফিরিয়া! ব্যস্ত জীবনের চেনা রুটিন।

পুজো রেশ এখনও মনে ভরপুর। তবু নিজেদের দৈনন্দিন জীবনে তো ফিরতেই হয়। উৎসবের দিনগুলোয় তেল-মশলা ঠাসা খাবারদাবার খাওয়া হয়েছে দেদার। এ বার পেটকে বিশ্রাম দিতেই হয় একটু। শরীর ভাল রাখতে তাই অনেকেই একটু হালকা খাবার খেতে চান কিছু দিন।

যদি জানা থাকে এমন একটা পদ, যা খুব হালকা, খেতে ভাল আর তাড়াতাড়ি রেঁধেও ফেলা যায়, তা হলে কেমন হয়? পিশপ্যাশ ঠিক এ রকমই একটা রান্না। এই অ্যাংলো ইন্ডিয়ান পদ বানানো যেমন সহজ, খেতেও তেমন সুস্বাদু। রইল রেসিপি।

উপকরণ

গোবিন্দ ভোগ চাল - ২ কাপ

মুরগির মাংস - ৫০০ গ্রাম

লেবুর রস - ১ টেবিল চামচ

আলু - ২টি

বিনস্‌ - ৭–৮ টি

গাজর - ১টি

ক্যাপসিকাম - ১টি।

(এ ছাড়াও বাড়িতে থাকা অন্য সবজি দিতে পারেন)

পেঁয়াজ - ২টি

আদা বাটা - ১ টেবিল চামচ

রসুন বাটা - ১ টেবিল চামচ

কাঁচা লঙ্কা - ২–৩টি

গোলমরিচ গুঁড়ো - ১ চা চামচ

গোটা গোলমরিচ - ১ চা চামচ

দারচিনি - ১ ইঞ্চি

এলাচ - ২টি

তেজপাতা - ১টি

মাখন - ২ টেবিল চামচ

সাদা তেল - ১ টেবিল চামচ

নুন – স্বাদ মতো

জল - ৭–৮ কাপ

প্রণালী

প্রথমেই সবজিগুলো কেটে ধুয়ে নিতে হবে। চৌকো আকারে কাটলে ভাল। ২টো পেঁয়াজ পাতলা পাতলা করে কুচি করতে হবে। চালটা ধুয়ে জলে ভিজিয়ে রাখুন। আর মাংসটা ভাল করে ধুয়ে নুন, লেবুর রস আর আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে রাখতে হবে।

এ বার রান্নার পালা। প্রথমে একটা বড় কড়াই আঁচে বসিয়ে তাতে দিন ১ টেবিল চামচ সাদা তেল আর ১ টেবিল চামচ মাখন। তেল আর মাখন গরম হলে দিন গোটা গোলমরিচ, দারচিনি, এলাচ আর তেজপাতার ফোড়ন। সুগন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিন। বেশি ভাজার দরকার নেই পেঁয়াজ রং বদলাতে শুরু করলেই দিয়ে দিন আদা বাটা আর রসুন বাটা। ২ মিনিট ভেজে নেওয়ার পরে মাংসটা দিয়ে ভাল করে ৭–৮ মিনিট নেড়েচেড়ে ভাজুন। এ বার একে একে সব সবজি দিয়ে আরও ৫ মিনিট নাড়াচাড়া করে নিন। তার পরে জল ঝরিয়ে নেওয়া চাল দিয়ে দিন তাতে। সব কিছু একসঙ্গে মিশিয়ে ২ মিনিট নেড়ে ৭–৮ কাপ গরম জল দিয়ে দিন। আর দিন চেরা কাঁচা লঙ্কা। এবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দিন। মাঝে মাঝে নেড়ে দেবেন আর দেখে নেবেন আর জল লাগবে কি না। পিশপ্যাশ ঝরঝরে হতে হবে এমন কোনও কথা নেই। তাই জলের মাপ নিয়ে ভয় পাবেন না। সব কিছু সেদ্ধ হয়ে গেলে উপর থেকে একটু মাখন আর গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস!

খুব হালকা আর খেতে সুস্বাদু এই পিশপ্যাশ আপনার ও আপনার পরিবারের মন জয় করে নেবে। কম সময়ে, একটিমাত্র পাত্রে তৈরি এই খাবার আপনার ব্যস্ত জীবন যাপনে পুষ্টিগুণ জোগানোর জন্যও খুব ভাল।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

healthy food

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy