উপকরণ :
মুরগির মাংস - ১ কেজি
শুকনো লঙ্কা - ৭টা
গোটা ধনে - ২ চা চামচ
গোটা গোলমরিচ - ১ চা চামচ
মৌরি - ১/২ চা চামচ
দারচিনি - ২টি
লবঙ্গ - ৫-৬টি
বড় এলাচ - ৩টি
ছোট এলাচ - ৫-৬টি
টক দই - ১০০ গ্রাম
সর্ষের তেল - ২৫০ মিলি
পেঁয়াজ কুচি - ৩০০ গ্রাম
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো - ২.৫ চা চামচ
হলুদ গুঁড়ো - ২ চা চামচ
ধনে গুঁড়ো - ১ চা চামচ
নুন - স্বাদমতো
তেজপাতা - ১-২ টি
কাঁচালঙ্কা কুচি - ২ চা চামচ
আদা-রসুন বাটা - ২ চা চামচ
টোম্যাটো কুচি - ২ টি টোম্যাটো
মাটির হাঁড়ি (৬-৭ ঘণ্টা জলে ভেজানো) - ১টি
ঘি - ১ টেবিল চামচ
রসুনের কোয়া - ৮-১০টি
আদা কুচি- ১ টেবিল চামচ
ধনেপাতা কুচি - ১ চা চামচ
কসুরি মেথি - ১ টেবিল চামচ
প্রণালী : গ্যাসের আঁচ কমিয়ে সমস্ত গোটা মশলা ভাল করে ভেজে নিন। তার পরে ঠান্ডা করে নিয়ে মিক্সিতে মিহি করে গুঁড়ো করে নিন।
এ বার মুরগির মাংস ভাল করে ধুয়ে নিয়ে তাতে দিন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, ১ চা চামচ সর্ষের তেল, ১ চা চামচ নুন, ৫০ গ্রাম পেঁয়াজ কুচি এবং টক দই। সব কিছু ভাল করে মাংসে মেখে রেখে দিন ৩০-৪০ মিনিট।
এর পরে ঝোল বানানোর জন্য একটি পাত্রে ১৫০ মিলিলিটার তেল গরম করে ২৫০ গ্রাম কুচোনো পেঁয়াজ ভাল করে ভেজে নিন। পেঁয়াজ ভাজা হয়ে গেলে দিয়ে দিন তেজপাতা। এর পরে আদা-রসুন বাটা দিয়ে ভাল করে কষিয়ে নিন মশলাটা। আদা-রসুনের কাঁচা গন্ধ বেরোনো বন্ধ হলে দিয়ে দিন কাঁচালঙ্কা কুচি এবং আধ চা চামচ হলুদ গুঁড়ো। এর পরে টোম্যাটো কুচি দিয়ে ভাল করে নাড়াচাড়া করুন। টোম্যাটো গলে গেলে দিয়ে দিন ২ কাপ গরম জল। এর পরে টোম্যাটো-পেঁয়াজ দুটোই ভাল করে সেদ্ধ হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করুন। ঠান্ডা করে নিয়ে একটি মিক্সিং পাত্রে সামান্য জল দিয়ে মশলাটা মিহি করে মিশ্রণ তৈরি করে নিন।
এ বার মাটির পাত্রে এক টেবিল চামচ ঘি দিয়ে গ্যাসে বসান। ঘি গরম হয়ে গেলে দিয়ে দিন এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, রসুনের কোয়া, আদা কুচি এবং আগে থেকে ম্যারিনেট করে রাখা মুরগির মাংস। সব কিছু ভাল করে নেড়েচেড়ে একটি মাটির ঢাকনা দিয়ে রেখে দিন সাত থেকে আট মিনিট। তার পরে ঢাকনা খুলে দিয়ে দিন ধনেপাতা কুচি। আগে থেকে তৈরি করে রাখা ঝোল-মশলা ঢেলে কসুরি মেথি দিয়ে ভাল করে নাড়িয়ে নিন পুরোটা। স্বাদ মতো নুন দিন। গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট রান্না করে নিন ভাল করে। মাংস সেদ্ধ হয়ে গেলে গ্যাসের আঁচ বন্ধ করে দিন। তৈরি মুরগির মাংসের সুস্বাদু পদ।
আরও পড়ুন:
ভাইফোঁটার দিনে ভাইয়ের মুখে হাসি ফোটাতে ভাতের যে কোনও পদের সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা হান্ডি চিকেন।
এই প্রতিবেদনটি 'আনন্দ উৎসব' ফিচারের একটি অংশ।