Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর ব্যস্ততায় রান্নার সময় কম?ডিমের এই পদ, টেক্কা দেবে রেস্তরাঁকেও

পুজোর ব্যস্ততার মধ্যেও কম সময়ে বানিয়ে ফেলুন সর্ষে-পোস্ত দিয়ে ডিম ভাপা। ভাত কিংবা রুটির সঙ্গে এই পদ জমবে বেশ।

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৬ ১৭:২৭
প্রতীকী চিত্র

প্রতীকী চিত্র

পুজোর ক’দিনে বাড়িতে অতিথি আসা, ঠাকুর দেখা, ঘোরাঘুরি—সব মিলিয়ে সময় কোথায়! তার মধ্যেই বাড়ির লোকের আবদার, পুজোর দিনে চাই ঘরোয়া রান্না। বেশি সময় না থাকলেও, তাই বলে স্বাদের সঙ্গে আপস করতে হবে কেন? অল্প আয়োজনেই বানিয়ে ফেলতে পারেন সর্ষে-পোস্ত দিয়ে ডিম ভাপা। ভাত কিংবা রুটির সঙ্গে এই পদ জমে যাবে বেশ।

এই পদ তৈরির জন্য লাগবে ১০টি ডিম, নুন, ২ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চামচ সাদা সর্ষে, ১ চামচ কালো সর্ষে, ২ চামচ পোস্ত, ৩০ গ্রাম কাজুবাদাম, ৭ টেবিল চামচ সর্ষের তেল, ১ চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি, গোলমরিচ গুঁড়ো, ১০টি কাঁচা লঙ্কা এবং আধ কাপ টক দই।

প্রথমে ডিমগুলি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিন। ডিমের গায়ে ছুরি দিয়ে হালকা করে কয়েকটি দাগ কেটে নুন ও হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। এ বার সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত এবং কাজুবাদাম সামান্য জলে ভিজিয়ে রাখুন।

কড়াইয়ে ৪ টেবিল চামচ সর্ষের তেল গরম করে নুন-হলুদ মাখানো ডিমগুলি ভাল করে ভেজে তুলে রাখুন। অন্য দিকে ভিজিয়ে রাখা সর্ষে-পোস্ত, ৩-৪টি কাঁচালঙ্কা এবং আধ কাপ টক দই একসঙ্গে মিহি করে বেটে নিন।

এই মশলার সঙ্গে এ বার মিশিয়ে দিন ১ চা চামচ হলুদ গুঁড়ো, ১ চা চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য চিনি ও গোলমরিচ গুঁড়ো। সঙ্গে দিন ১ টেবিল চামচ সর্ষের তেল এবং স্বাদমতো নুন। সবকিছু ভাল করে মিশিয়ে নিলেই তৈরি ডিম ভাপার মশলা।

এ বার একটি স্টিলের টিফিন বাক্সে মশলাটি ঢেলে তার মধ্যে একটি সেদ্ধ ডিম ঘষে মিশিয়ে দিন। তার পর ভেজে রাখা বাকি ডিমগুলি মশলার মধ্যে সাজিয়ে দিন। উপর থেকে ৩-৪টি চেরা কাঁচালঙ্কা এবং ১ টেবিল চামচ সর্ষের তেল ছড়িয়ে টিফিন বাক্সের ঢাকনা বন্ধ করে দিন।

একটি কড়াইয়ে জল দিয়ে তার মধ্যে টিফিন বাক্সটি বসিয়ে দিন। উপর থেকে একটি পাত্র চাপা দিয়ে মাঝারি আঁচে ১৫-২০ মিনিট ভাপিয়ে নিন। গ্যাস বন্ধ করে কিছুক্ষণ পর ঢাকনা খুললেই পাবেন সর্ষে-পোস্তের দারুণ সুবাস।

শেষে উপর থেকে আরও কয়েকটি চেরা কাঁচা লঙ্কা ও অল্প সর্ষের তেল ছড়িয়ে গরম ভাত কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন ডিম ভাপা। পুজোর ব্যস্ততার মধ্যেও কম সময়ে এমন জমাটি পদ বানিয়ে ফেললে বাড়ির লোকের মন জয় হতে বাধ্য।

এই প্রতিবেদনটি "আনন্দ উৎসব" ফিচারের একটি অংশ।

Egg Egg Recipes Festival

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy