ভূতুড়ে অথচ চমকপ্রদ সব সাজসজ্জা, সঙ্গে জমিয়ে পার্টি। ‘হ্যালোউইন’-এর জনপ্রিয়তা শিশুদের কাছে এক আলাদা মাত্রা পায়! তবে কেবল চকোলেট বা ক্যান্ডিতেই তো জমবে না সান্ধ্যপার্টি, চাই মজাদার পানীয়ও। বাজারচলতি ঠান্ডা পানীয়ের স্বাদ তো পরিচিত। এ বছর কচিকাঁচাদের জন্য মদিরাবর্জিত কিছু মজাদার পানীয়র খোঁজ চান? রইল প্রণালী।
ভ্যাম্পায়ার ব্লাড মকটেল
হ্যালোউইনের অনুষ্ঠান, আর ভ্যাম্পায়ার থাকবে না— তা-ও কি হয়! পার্টিতে রাখতেই পারেন ভ্যাম্পায়ার ব্লাড মকটেল। দেখতে একেবারে ভ্যাম্পায়ারের রক্তের মতোই গাঢ় লাল। তবে ভয় পাওয়ার কিছুই নেই। এই পানীয় তৈরি হবে স্ট্রবেরি এবং কমলালেবুর রস দিয়ে। টক-মিষ্টি স্বাদের এই পানীয় বেশ পছন্দ হবে বাচ্চাদের।
উপকরণ:
স্ট্রবেরি – ছয় থেকে সাতটি
কমলালেবুর রস – আধ কাপ
আপেলের রস – আধ কাপ
মধু – এক চা চামচ (ঐচ্ছিক)
লেবুর রস – এক চা চামচ
বরফ – প্রয়োজন মতো
প্রণালী
প্রথমে স্ট্রবেরিগুলি ভাল করে ধুয়ে ছোট টুকরো করে নিন। এ বার ব্লেন্ডারে স্ট্রবেরি, কমলালেবুর রস, আপেলের রস ও লেবুর রস দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। মিষ্টি বাড়াতে চাইলে সামান্য মধু মেশাতে পারেন। মিশ্রণটি ছেঁকে গ্লাসে ঢেলে দিন এ বার। এতেই কাজ শেষ। উপরে একটি স্ট্রবেরি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন। তবে তার আগে গ্লাসের গায়ে স্ট্রবেরির রস লাগিয়ে দিলে তৈরি হবে রক্তের মতোই লালচে ছোপ।
পাম্পকিন সানসেট
কুমড়োর উপস্থিতি ছাড়া হ্যালোউইন অসম্পূর্ণ। স্বাদেও থাক তার ছোঁয়া। মিষ্টি কুমড়ো ও কমলালেবুর রস দিয়ে তৈরি এই পানীয়ের রং হবে একেবারে সূর্যাস্তের মতো কমলা। সেই কারণেই এর নামকরণ ‘পাম্পকিন সানসেট’। কী ভাবে বানাবেন? রইল সবটাই।
উপকরণ:
মিষ্টি কুমড়ো – আধ কাপ (সেদ্ধ করে নেওয়া)
কমলালেবুর রস – আধ কাপ
আপেলের রস – আধ কাপ
মধু – এক চা চামচ (ঐচ্ছিক)
দারচিনি গুঁড়ো – এক চিমটে
ঠান্ডা জল – প্রয়োজন মতো
প্রণালী:
প্রথমে কুমড়ো সেদ্ধ করে ঠান্ডা করে নিন। এ বার ব্লেন্ডারে সেদ্ধ কুমড়ো, কমলালেবুর রস, আপেলের রস ও সামান্য দারচিনি গুঁড়ো দিয়ে ভাল করে ব্লেন্ড করুন। মিশ্রণটি খুব ঘন মনে হলে সামান্য ঠান্ডা জল মেশাতে পারেন। প্রয়োজন মতো ছেঁকে গ্লাসে ঢালুন। গ্লাসের ধারে কমলালেবুর একটি ছোট টুকরো লাগিয়ে পরিবেশন করুন।
এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।