Health Partner
Comfort Partner
Knowledge Partner

পুজোর ছুটিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা? ঘূর্ণিঝড় অর্ণবের চোখরাঙানি, কোন গন্তব্যে গেলে বাড়বে বিপদ?

পুজোর রেশ কাটাতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা অনেকেরই। কিন্তু ঘূর্ণিঝড় অর্ণবের সতর্কবার্তায় বদলাতে হতে পারে ভ্রমণের গন্তব্য। কোন কোন বিষয়ে সতর্ক থাকবেন?

আনন্দ উৎসব ডেস্ক

শেষ আপডেট: ২৬ অক্টোবর ২০২৬ ২২:২৮
পুজো শেষ হতেই ধেয়ে আসছে ঝড়।

পুজো শেষ হতেই ধেয়ে আসছে ঝড়।

পুজোর আনন্দ ফুরোলেও তার রেশ এখনও কাটেনি। কেউ ইতিমধ্যেই বেড়াতে বেরিয়ে পড়েছেন, কেউ আবার ছুটির দিনগুলিকে কাজে লাগিয়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন। পরিবার কিংবা বন্ধুদের সঙ্গে কয়েকটা দিন অন্য পরিবেশে কাটিয়ে আসার আনন্দই আলাদা। কিন্তু সেই আনন্দের মাঝেই যদি হঠাৎ হাজির হয় দুর্যোগ? অচেনা জায়গায় গিয়ে আবহাওয়ার প্রতিকূল পরিস্থিতিতে আটকে পড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তাই বেড়াতে যাওয়ার আগে গন্তব্যের আবহাওয়ার খোঁজ নেওয়া জরুরি।

বিশেষ করে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম ও ইয়ানাম যাওয়ার পরিকল্পনা থাকলে সতর্ক হওয়া প্রয়োজন। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড় অর্ণবের সৃষ্টি হয়েছে। আগামী দু’দিনে দু’দফায় শক্তি বাড়িয়ে এই ঘূর্ণিঝড় অতি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। আগামী বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ দুপুরের আগে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের দক্ষিণে ইয়ানাম এলাকায় ঝড়টি আছড়ে পড়তে পারে। ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। ভারী বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এমন পরিস্থিতিতে বেড়াতে যাওয়ার পরিকল্পনা থাকলে কী কী বিষয়ে সতর্ক থাকবেন?

১. আবহাওয়ার নিয়মিত খবর রাখুন

বেড়াতে যাওয়ার আগে এবং গন্তব্যে পৌঁছোনোর পরেও আবহাওয়া দফতরের পূর্বাভাস ও প্রশাসনের নির্দেশের দিকে নজর রাখুন। পরিস্থিতির পরিবর্তন হলে সেই অনুযায়ী পরিকল্পনা বদলান।

২. বিপজ্জনক এলাকায় যাওয়া এড়িয়ে চলুন

ঘূর্ণিঝড়ের সতর্কতা জারি হলে সমুদ্রতট, নদীর ধার কিংবা ঝুঁকিপূর্ণ এলাকায় ঘোরাঘুরি করবেন না। প্রশাসনের নিষেধাজ্ঞা থাকলে তা অবশ্যই মেনে চলুন।

৩. যাতায়াতের পরিকল্পনা খতিয়ে দেখুন

ঝড়ের কারণে সড়ক, রেল কিংবা বিমান পরিষেবায় বিঘ্ন ঘটতে পারে। তাই যাত্রা শুরুর আগে সংশ্লিষ্ট পরিবহণ সংস্থার পরিষেবা ও যাত্রার আপডেট জেনে নিন। প্রয়োজন হলে যাত্রা পিছিয়ে দেওয়ার কথা ভাবুন।

৪. জরুরি জিনিসপত্র সঙ্গে রাখুন

পরিচয়পত্র, প্রয়োজনীয় ওষুধ, পানীয় জল, শুকনো খাবার, টর্চ এবং মোবাইলের চার্জার সঙ্গে রাখুন। ফোনের চার্জ বজায় রাখুন এবং জরুরি যোগাযোগের নম্বর হাতের কাছে রাখুন।

৫. নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা জানুন

ইতিমধ্যেই গন্তব্যে পৌঁছে গিয়ে থাকলে হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা সম্পর্কে জেনে নিন। প্রশাসনের নির্দেশ পেলে দ্রুত নিরাপদ জায়গায় সরে যান। ঘূর্ণিঝড়ের সময় জানলা থেকে দূরে থাকুন এবং বাইরে বেরোনো এড়িয়ে চলুন।

পুজোর পর বেড়াতে যাওয়ার আনন্দ যেন অসতর্কতার কারণে বিপদের কারণ না হয়ে ওঠে। তাই অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম, ইয়ানাম এলাকায় যাওয়ার পরিকল্পনা থাকলে আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস ও সরকারি সতর্কবার্তা দেখে সিদ্ধান্ত নিন। পরিস্থিতি অনুকূল না থাকলে বেড়ানোর পরিকল্পনা পিছিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ। কয়েক দিনের আনন্দের চেয়ে নিজের ও পরিবারের নিরাপত্তা অনেক বেশি গুরুত্বপূর্ণ।

এই প্রতিবেদনটি ‘আনন্দ উৎসব’ ফিচারের একটি অংশ।

Weather Cyclone

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy