ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কেন্দ্র করে ভারত-বাংলাদেশ টানাপড়েনের মধ্যেই ঢাকা পৌঁছল কনফেডারেশন অব ইন্ডিয়ান ইন্ডাস্ট্রি (সিআইআই)-এর ১৮ সদস্যের প্রতিনিধিদল। সোম এবং মঙ্গলবার ঢাকায় থাকবে এই দলটি। রাজনৈতিক সম্পর্কের চাপানউতোরের মধ্যেও দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক এগিয়ে নিতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ বাড়ানোর প্রক্রিয়া হিসেবে দেখা হচ্ছে এই সফরকে।
প্রতিনিধি দলের নেতৃত্বে আছেন সিআইআইয়ের ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়। প্রতিনিধিদলটি বাংলাদেশের প্রশাসনিক আধিকারিক, ব্যবসায়ী সংগঠন ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবে। বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগের নতুন সুযোগ এবং উভয় দেশের ব্যবসায়িক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়গুলি আলোচনায় গুরুত্ব পাবে।