মাত্র পাঁচ মাসের মধ্যে দেশে ৬২ লক্ষের বেশি গ্রাহক রান্নার গ্যাসের (এলপিজি) সংযোগ ছেড়েছেন বলে উঠে এল পেট্রোলিয়াম মন্ত্রকের পরিসংখ্যানে। যা জানাচ্ছে, এপ্রিলের শুরুতে ভারতে গ্যাসের গ্রাহক ছিলেন প্রায় ৩৩.৪ কোটি। সেটা সেপ্টেম্বরের শুরুতে দাঁড়িয়েছে ৩২.৭৮ কোটিতে। মূলত, পশ্চিম এশিয়ার যুদ্ধের কারণে গ্যাসের জোগান ঘিরে অনিশ্চয়তা এবং ক্রমাগত তার দাম বৃদ্ধি এর অন্যতম কারণ বলে মত সংশ্লিষ্ট মহলের। পাশাপাশি, কেন্দ্রের সিদ্ধান্ত মেনে ১০-১১ লক্ষ গ্রাহক পাইপবাহিত গ্যাস নিয়ে এলপিজি সংযোগ ছেড়েছেন। সবচেয়ে বেশি গ্রাহক কমেছে দক্ষিণ ভারতে। পূর্বাঞ্চলে তা সবচেয়ে কম।
মন্ত্রকের পরিসংখ্যান অনুসারে, এই সময়ের মধ্যে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনায় গ্রাহক কমেছে প্রায় ৬ লক্ষ। এই প্রকল্প চালুর পরে ২০১৫-১৬ থেকে টানা গ্রাহক বেড়েছিল। শেষ দশকে যার হার ছিল ৫%-১২%। এই প্রথম তা এতটা কমল।
সংশ্লিষ্ট মহলের মতে, ১ অক্টোবরের পরে গ্যাসে আধার যোগ (ই-কেওয়াইসি) করা না থাকলে দ্বিগুণের বেশি দামে সিলিন্ডার কিনতে হবে। তাতেও মিলবে ১০ বা ৫ কেজির সিলিন্ডার। ফলে পরের মাসে সামগ্রিক ভাবে সংযোগ আরও কিছুটাকমতে পারে।