গত অর্থবর্ষের শেষ দুই ত্রৈমাসিকে মুনাফা করেছিল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। কিন্তু দেশজুড়ে ৪জি পরিষেবা চালু হতেই সেই ছবি উল্টে গিয়েছে। গত জুলাই-সেপ্টেম্বরে তাদের ক্ষতির অঙ্ক দাঁড়িয়েছে ১৩৫৭ কোটি টাকা। এপ্রিল-জুনেও ১০৪৮ কোটি টাকা ক্ষতি হয়েছিল সংস্থাটির।
২০২৪-২৫ অর্থবর্ষের অক্টোবর-ডিসেম্বরে বিএসএনএল ২৬২ কোটি টাকা মুনাফা করেছিল। জানুয়ারি-মার্চে লাভ হয়েছিল ২৮০ কোটি। দীর্ঘ ১৮ বছর বাদে মুনাফার মুখ দেখেছিল সংস্থা। টেলিকমমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া আশাপ্রকাশ করেছিলেন, এ বার সংস্থাটি ইতিবাচক পথেই এগোবে। কিন্তু হল উল্টো। অবশ্য গত ত্রৈমাসিকে সংস্থার আয় ৬.৬% বেড়ে ৫১৬৭ কোটি টাকা হয়েছে। গ্রাহক প্রতি আয়ও সামান্য বেড়ে হয়েছে ৯১ টাকা। চলতি অর্থবর্ষে বিএসএনএলের ব্যবসার লক্ষ্যমাত্রা বাড়িয়ে করা হয়েছে ২৭,৫০০ কোটি টাকা। গত অর্থবর্ষে যা ছিল ২৩,০০০ কোটি।