সরবরাহ বৃদ্ধি ও মজুত উদ্ধারে সরকারি পদক্ষেপের জেরে পাইকারি বাজারে চিনি এবং পেঁয়াজের দাম কিছুটা কমল। তবে তার প্রতিফলন এখনও খুচরো বাজারে পড়েনি বলেই দাবি। চড়া দামে কিনতে হচ্ছে অন্য আনাজও। শুক্রবার কলকাতায় চিনির পাইকারি দাম কুইন্টালে ১০০০-১২০০ টাকা কমেছে। পোস্তা বাজারের এক আড়তদার জানান, তা ৬৫০০ টাকায় উঠে গিয়েছিল। এখন দাঁড়িয়েছে ৫২০০-৫৪০০ টাকা। পাইকারি বাজারে পেঁয়াজও প্রতি ৪০ কেজিতে প্রায় ২০০ টাকা করে কমেছে। আগে ছিল ১৮০০-২০০০ টাকা। এখন হয়েছে ১৬০০-১৮০০। তবে এ দিনও কলকাতায় চিনির কেজি প্রতি খুচরো দাম ছিল ৬৬-৭০ টাকা। পেঁয়াজ বিকিয়েছে ৬৫-৭০ টাকায়। আশা, পাইকারি দাম কমার প্রভাবে দিন দু’য়েকের মধ্যে কমতে থাকবে খুচরো দাম।