Advertisement
E-Paper

দৈনিক, সাপ্তাহিক না মাসিক, কোন ধরনের এসআইপিতে লগ্নি করলে মেয়াদ শেষে মিলবে বেশি রিটার্ন?

প্রতি দিন, প্রতি সপ্তাহ নাকি প্রতি মাস, সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে (এসআইপি) লগ্নির ক্ষেত্রে কোনটা বেছে নেওয়া উচিত? কী পরামর্শ দিচ্ছেন আর্থিক বিশ্লেষকেরা?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৬ ১৪:৪২
Representative Picture

—প্রতীকী চিত্র।

সরকারি-বেসরকারি ব্যাঙ্ক ও ডাকঘরের লগ্নিতে কমেছে সুদ। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও বেশি মুনাফার আশায় মিউচুয়াল ফান্ডে বিনিয়োগে বাড়ছে উৎসাহ। এতে দু’ভাবে টাকা রাখার সুবিধা রয়েছে। একটিকে বলা হয়, লাম্পসাম লগ্নি। অপরটির নাম সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা এসআইপি। দ্বিতীয় পদ্ধতিটির সঙ্গে ব্যাঙ্ক-ডাকঘরের মেয়াদি আমানতের (রেকারিং ডিপোজ়িট বা আরডি) বেশ মিল খুঁজে পান আমজনতার একাংশ।

এসআইপির সবচেয়ে বড় সুবিধা হল, এতে একবারে মোটা অঙ্কের লগ্নির কোনও বালাই নেই। বরং ধাপে ধাপে বিশাল একটি তহবিল গড়ে তোলার সুযোগ পান বিনিয়োগকারী। তার জন্য দৈনিক, সাপ্তাহিক বা প্রতি মাসে লগ্নি করতে পারেন তিনি। তবে প্রতিটা ক্ষেত্রেই নির্ধারিত সময় অন্তর সুনির্দিষ্ট পরিমাণ টাকা দিতে হয় তাঁকে। অর্থের অঙ্ক অপরিবর্তিত থাকায় স্বাভাবিক ভাবেই উঠছে একটি প্রশ্ন। দৈনিক, সাপ্তাহিক না মাসিক, কোন এসআইপি বেশি লাভজনক?

বিনিয়োগকারীদের একাংশের ধারণা, প্রতিদিন লগ্নিতে পাওয়া যায় বেশি রিটার্ন। যদিও আর্থিক বিশ্লেষকদের দাবি, বিষয়টি মোটেই সে রকম নয়। তাঁদের কথায়, এসআইপির মুনাফা গ্রাহক কত ঘন ঘন বিনিয়োগ করছেন, তার উপর নির্ভর করে না। বরং এতে ধারাবাহিকতা বজায় রাখা বেশি জরুরি। একটি উদাহরণের সাহায্যে বিষয়টি বুঝে নেওয়া যেতে পারে।

সম্প্রতি, ১৯৯৬ সালের অগস্ট থেকে চলতি বছরের (২০২৬ সাল) জুন পর্যন্ত হওয়া এসআইপিগুলি নিয়ে একটি সমীক্ষা রিপোর্ট প্রকাশ করে অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থা হোয়াইটওক ক্যাপিটাল। তাদের দাবি, এই সময়সীমার মধ্যে মাসিক লগ্নিতেই সর্বাধিক মুনাফা পেয়েছেন বিনিয়োগকারী। যদিও সম্প্রসারিত অভ্যন্তরীণ আয়ের হারে কোনও ফারাক লক্ষ করা যায়নি।

হোয়াইটওক ক্যাপিটালের সমীক্ষা অনুযায়ী, দৈনিক এক হাজার টাকার এসআইপিতে ৩০ বছর শেষে (১৯৯৬ সালের অগস্ট-২০২৬ সালের জুন) ১২.৩৩ কোটি টাকা হাতে পেয়েছেন লগ্নিকারী। সমপরিমাণ অর্থের (পড়ুন ৬,৯৯৭) সাপ্তাহিক বিনিয়োগে রিটার্নের ক্ষেত্রেও তেমন কোনও পরিবর্তন দেখতে পাওয়া যায়নি। তবে প্রতি মাসের এসআইপিতে (৩০,৩৮৪ টাকা) মেয়াদ শেষে তহবিলের আকার দাঁড়ায় ১২.৪৫ কোটি টাকা। প্রতিটা ক্ষেত্রেই সম্প্রসারিত অভ্যন্তরীণ আয়ের হার ছিল ১৩.৪৭ শতাংশ।

আর তাই সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে লগ্নির ক্ষেত্রে একটি বিষয়কেই মাথায় রাখতে বলছেন আর্থিক বিশ্লেষকেরা। সেটা হল ঘন ঘন লগ্নির চেয়ে নিয়মিত এতে বিনিয়োগ করতে হবে গ্রাহককে। তা ছাড়া সরকারি ও বেসরকারি সংস্থার বেতনভোগীদের ক্ষেত্রে প্রতি মাসের এসআইপি বেশি সুবিধাজনক। কারণ, সংসার খরচের কথা মাথায় রেখে লগ্নির হিসাব করতে হয় তাঁদের।

(বিশেষ দ্রষ্টব্য: মিউচুয়াল ফান্ডে লগ্নি বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই এই তহবিলে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Mutual Fund Systematic Investment Plan Stock Investment

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy