আর্থিক বৃদ্ধির গতি বাড়ানোর পাশাপাশি সকলের উন্নয়নের জন্য কাজ তৈরি করাই ভারতের সামনে সবচেয়ে বড চ্যালেঞ্জ বলে মনে করেন রিজ়ার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও। তাঁর মতে, ভারতের অর্থনীতি যে ঝড় সামলানোর জন্য প্রস্তুত, তা এপ্রিল-জুন ত্রৈমাসিকের ৭.৮% বৃদ্ধি থেকে স্পষ্ট। কিন্তু তা দেখা গিয়েছে মূলত দেশের ভিতরে চাহিদা, সরকারি লগ্নি, কিছু ক্ষেত্রে বেসরকারি লগ্নি, উৎপাদন ও পরিষেবা ক্ষেত্র ভাল ফল করায়। কোনও দেশে প্রযুক্তিনির্ভর ও পুঁজিভিত্তিক ক্ষেত্র ভাল করলেও, জিডিপি বাড়তে পারে। তাতে কাজ তৈরি হয় না। ভারতেও সেই ছবি দেখা যাচ্ছে, যা চিন্তার। যে কারণে আগামী দিনে বস্ত্র, উৎপাদন শিল্প, খাদ্যপ্রক্রিয়াকরণের মতো শ্রমনির্ভর ক্ষেত্র এবং পরিষেবার গতি বাড়ানোয় জোর দিতে হবে দেশকে।