আদানি গোষ্ঠীর বিরুদ্ধে আনা ফৌজদারি মামলা খারিজের জন্য আমেরিকার সরকারের আবেদনের নেপথ্যে কোনও প্রতিশ্রুতি, চুক্তি বা সুবিধা জড়িত কি না, তা জানাতে সেখানকার আদালতে ১৫ জুলাইয়ের মধ্যে হলফনামা দিতে হবে কর্ণধার গৌতম আদানিকে। ওই দিনই মামলা খারিজের চূড়ান্ত রায় ঘোষণা হবে। সূত্রের খবর, চলতি সপ্তাহেই আদানিরা তা জমা দেবে। এ নিয়ে মন্তব্য করতে চায়নি গোষ্ঠী। আমেরিকার বিচার বিভাগ অভিযোগ তুলেছিল, ভারতে ঘুষ দিয়ে বিদ্যুৎ প্রকল্পের বরাত পেয়েছে আদানিরা। সেই তথ্য লুকিয়ে প্রকল্পের জন্য আমেরিকার লগ্নিকারীদের থেকে তহবিল তুলেছে। যা প্রতারণা। পরে বিচার বিভাগই সেই অভিযোগ খারিজের আবেদন করে। সংবাদমাধ্যমের খবর ছিল, সে দেশে আদানিদের ১০০০ কোটি ডলার লগ্নির প্রতিশ্রুতিই এর কারণ।