E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

শুল্ক নিয়ে অস্থিরতার মধ্যেই আবার নতুন নজির সোনা-রুপোর দামে

সোনার চড়া দামে ক্রেতার ভাটায় কারিগরদের হাতে কাজ প্রায় নেই বলে জানাচ্ছেন বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির সাধারণ সম্পাদক টগর কুমার পোদ্দার।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩১ অগস্ট ২০২৫ ০৭:৫৬
কর বাদে ৯৯,২০০ টাকায় পৌঁছেছে সোনার গয়নার (১০ গ্রাম, ২২ ক্যারাট) দামও।

কর বাদে ৯৯,২০০ টাকায় পৌঁছেছে সোনার গয়নার (১০ গ্রাম, ২২ ক্যারাট) দামও। —প্রতীকী চিত্র।

ভারতের উপরে আমেরিকার ৫০% শুল্কের জের অস্থিরতা যত বাড়াচ্ছে, ততই সুরক্ষিত লগ্নির গন্তব্য হিসেবে চড়ছে সোনার দাম। শনিবার কলকাতায় খুচরো পাকা সোনা (১০ গ্রাম, ২৪ ক্যারাট) ১২৫০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১,০৪,৩৫০ টাকায়। জিএসটি যোগ করলে ১,০৭,৪৮০.৫ টাকা। কর বাদে ৯৯,২০০ টাকায় পৌঁছেছে সোনার গয়নার (১০ গ্রাম, ২২ ক্যারাট) দামও। বাজার মহলের মতে, অচিরেই সেই দর এক লক্ষের মাইলফলক পার করা অসম্ভব নয়। সেটা হলে ক্রেতাদের আস্থায় বিপুল ধাক্কা লাগবে। উৎসবের মরসুমের মুখে সোনার দামের এই দৌড়ে উদ্বিগ্ন ক্রেতা তথা সোনা ব্যবসায়ী ও কারিগরেরাও।

সোনার চড়া দামে যে মানুষ রুপোর গয়নার দিকে ঝুঁকবেন, সেই স্বস্তিও মিলছে না। কারণ, কলকাতায় রুপোর বাট জিএসটি ছাড়াই পৌঁছেছে কেজিতে ১,২১,২০০ টাকায়। খুচরো রুপো ১০০ টাকা বেশি। কলকাতার পাইকারি বিক্রেতা চিত্তরঞ্জন পাঁজার দাবি, ‘‘বাজার তলানিতে। ৭০% বিক্রি কমেছে। এমন চললে দোকান বন্ধ করতে বাধ্য হবেন বহু ব্যবসায়ী।’’ বৌবাজারের রাখালচন্দ্র দে জুয়েলার্সের কর্তা নবীন কুমার চন্দ্র বলছেন, ‘‘আজ পর্যন্ত এমন সঙ্কট দেখেনি। তা কমার লক্ষণও নেই। সোনার দাম কোথায় গিয়ে দাঁড়াবে বলা কঠিন।’’

সোনার চড়া দামে ক্রেতার ভাটায় কারিগরদের হাতে কাজ প্রায় নেই বলে জানাচ্ছেন বঙ্গীয় স্বর্ণশিল্প সমিতির সাধারণ সম্পাদক টগর কুমার পোদ্দার। তিনি বলেন, ‘‘১৫ শতাংশের হাতে সোনার গয়নার কাজ রয়েছে। রুপোর দাম রেকর্ড গড়লেও, কিছু কাজ আসছে। ৫৫% তা-ই করছেন। পরে কী হবে জানা নেই।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Silver Price Jewellery

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy