২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্য নির্ধারণ করল ভারত এবং পোল্যান্ড। তিন দিনের রাষ্ট্রীয় সফরে আসা পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হায়দরাবাদ হাউসে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকের পরে এ কথা জানানো হয়েছে। প্রতিরক্ষা, উদীয়মান প্রযুক্তি, মহাকাশ এবং পারমাণবিক শক্তির ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর করতে সম্মত হয়েছে দু’টি দেশ। প্রধানমন্ত্রী মোদী পোলিশ সংস্থাগুলিকে ভারতে তাদের বিনিয়োগ ও কার্যক্রম সম্প্রসারণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। টাস্ক পোল্যান্ডে ভারতীয় বিনিয়োগের প্রশংসা করেছেন এবং মধ্য ও পূর্ব ইউরোপ এবং বৃহত্তর ইউরোপীয় বাজারে আগ্রহী ভারতীয় সংস্থাগুলির জন্য পোল্যান্ডকে একটি প্রবেশদ্বার হিসেবে তুলে ধরেছেন। উভয় নেতা দ্বিপাক্ষিক বাণিজ্য ও সহযোগিতা জোরদার করার লক্ষ্যে গঠিত দ্বিপাক্ষিক ওয়ার্কিং গ্রুপের কার্যক্রম পুনরায় শুরু করা এবং কৃষি ক্ষেত্রে সহযোগিতা সম্প্রসারণে সম্মতি দিয়েছেন। উভয়ের মধ্যে প্রতিরক্ষা আলোচনা শুরু করা-সহ একাধিক চুক্তি সই হয়।