আবার চাকরি ছাঁটাই মাইক্রোসফ্টে। কয়েক মাসের মধ্যে দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থার গেমিং বিভাগ এক্সবক্স। সিইও আশা শর্মার নেতৃত্বে ‘এক্সবক্স রিসেট’ প্রক্রিয়ার অংশ হিসেবে নতুন কর্মীদের চাকরি গিয়েছে বলে খবর। এক্সবক্সের ওয়েবসাইটে ‘কন্টিনিউয়িং দ্য রিসেট’ শিরোনামে প্রকাশিত একটি বার্তায় এক্সবক্সের চিফ অপারেটিং অফিসার ম্যাট বুটি নিশ্চিত করেছেন, সংস্থাটি মোট ২৬৮টি পদে কর্মীছাঁটাই করছে।
জানা গিয়েছে, এক্সবক্সের আওতাধীন বিভিন্ন স্টুডিয়োর কর্মীরা এই ছাঁটাই প্রক্রিয়ার আওতায় পড়ছেন। কর্মীদের উদ্দেশে ম্যাট বলেন, “আমাদের সহকর্মীরা যা গড়ে তুলেছেন তার জন্য আমি গভীর ভাবে কৃতজ্ঞ। যাঁরা চলে যাচ্ছেন এবং তাঁদের আশপাশের কর্মীদের জন্য আজকের দিনটি কতটা কঠিন হতে পারে, তা আমি বুঝতে পারছি।” যদিও চাকরিচ্যূত কর্মীদের জন্য সংস্থার তরফে কোনও ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে কি না, তা স্পষ্ট হয়নি।
আরও পড়ুন:
মাইক্রোসফ্টের তরফে আগেই জানানো হয়েছিল ২০২৭ অর্থবর্ষে মোট সংস্থার মোট ৩,২০০ কর্মীর চাকরি যেতে পারে। এর আগে জুলাই মাসে এক্সবক্স ১,৬০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা করেছিল। নতুন করে কর্মীছাঁটাই সেই ধারাবাহিকতারই সর্বশেষ পদক্ষেপ। জুলাইয়ের ছাঁটাইয়ের আগে বিশ্ব জুড়ে এক্সবক্সের প্রায় ১৬,০০০ কর্মী ছিল।
উল্লেখ্য, কর্মীছাঁটাইয়ের পর আগামী ৬ অক্টোবর এক্সবক্সের তরফে একটি কর্মীসভার আয়োজন করা হয়েছে। সেই সভায় সংস্থার কর্মীরা সাম্প্রতিক সময়ে সংস্থাটির কাজের অগ্রগতি নিয়ে আলোচনা করতে পারেন বলেও জানা গিয়েছে।