Advertisement
E-Paper

ইউপিআই-তে এমডিআর: ৯৬ শতাংশ বাণিজ্যিক লেনদেনই জিএসটির প্রভাবমুক্ত! সুরক্ষিত ক্ষুদ্র ব্যবসায়ীরা, জানাল কেন্দ্র

এমডিআরের উপর জিএসটি আরোপের ফলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। ডিজিটাল লেনদেনে খরচ বেড়ে যাবে। এই আশঙ্কা তৈরি হতেই এনপিসিআই তা স্পষ্ট ভাবে খারিজ করেছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬ ১৭:৫৯

ছবি: সংগৃহীত।

ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআইয়ে এমডিআরের উপর জিএসটি নিয়ে ধোঁয়াশা দূর করতে নতুন করে বিবৃতি দিল নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া’ বা এনপিসিআই। দু’হাজার টাকার বেশি ইউপিআই লেনদেনে বাড়তি যে মাশুল (এমডিআর) বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার, তার উপর প্রযোজ্য হবে পণ্য-পরিষেবা করও (জিএসটি)। সেই আশঙ্কা দূর করতে এনপিসিআই জানিয়েছে, নির্দিষ্ট কিছু ইউপিআই মার্চেন্ট পেমেন্টে নতুন এমডিআর চালু হলেও এর প্রভাব অধিকাংশ ইউপিআই লেনদেনের উপর পড়বে না। বিশেষ করে ছোট অঙ্কের পেমেন্ট এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের লেনদেন এই নতুন এমডিআর ও তার সঙ্গে যুক্ত জিএসটি-র আওতার বাইরে থাকবে। ফলে সাধারণ গ্রাহক ও ছোট ব্যবসায়ীদের বেশির ভাগ ইউপিআইয়ের মাধ্যমে লেনদেনে কোনও অতিরিক্ত খরচের সম্ভাবনা নেই। ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) উপর জিএসটি আরোপ হলে ক্ষুদ্র ব্যবসায়ীদের উপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হবে। ডিজিটাল লেনদেনে খরচ বেড়ে যাবে। এই আশঙ্কা তৈরি হতেই এনপিসিআই তা স্পষ্ট ভাবে খারিজ করেছে। সংস্থার তরফে জানানো হয়েছে, নতুন এমডিআর সব ধরনের ইউপিআই লেনদেনের ক্ষেত্রে প্রযোজ্য নয়। শুধুমাত্র ২,০০০ টাকার বেশি মূল্যের লেনদেনের ক্ষেত্রেই এই চার্জ প্রযোজ্য হবে।

সম্প্রতি বেশ কিছু গণমাধ্যমের প্রতিবেদনে ইউপিআই মার্চেন্ট ডিসকাউন্ট রেটের (এমডিআর) উপর জিএসটি নিয়ে যে দাবি করা হয়েছে, তা নিয়ে আপত্তি জানিয়েছে এনপিসিআই। সংস্থাটি জানিয়েছে, এমডিআরের উপর জিএসটি আরোপের ফলে ছোট ব্যবসায়ীদের উপর অতিরিক্ত বোঝা তৈরি হচ্ছে বা ডিজিটাল পেমেন্টের খরচ বেড়ে যাচ্ছে— এমন দাবি ভুল ও বিভ্রান্তিকর।

এনপিসিআই জানিয়েছে, ২,০০০ টাকা বা তার কম মূল্যের ইউপিআই ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে কোনও এমডিআর প্রযোজ্য হবে না। ফলে এই লেনদেনগুলির উপর এমডিআর-সংক্রান্ত কোনও জিএসটিও দিতে হবে না। সরকারি তথ্য অনুযায়ী, এই ধরনের স্বল্পমূল্যের পেমেন্টই মোট ইউপিআইয়ে ব্যবসায়িক লেনদেনের ৯৬ শতাংশেরও বেশি। অর্থাৎ, ইউপিআইয়ের অধিকাংশ লেনদেনই নতুন এমডিআর কাঠামোর আওতার বাইরে থাকবে। তাই সেগুলির ক্ষেত্রে এমডিআরের উপর জিএসটি আরোপেরও প্রশ্ন নেই।

এনপিসিআই আরও জানিয়েছে, অল্প কিছু উচ্চমূল্যের লেনদেনের ক্ষেত্রে এমডিআর প্রযোজ্য হবে। সেই এমডিআরের উপর ব্যবসায়ীরা জিএসটি দিলে তা বছরের শেষে প্রদেয় মোট জিএসটি-র অঙ্ক থেকে বাদ যাবে। কর বিশেষজ্ঞদের মতে, জিএসটিতে নিবন্ধিত ব্যবসায়ীরা সেই জিএসটির উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট দাবি করতে পারবেন। ব্যবসায়ীরা এমডিআরের উপর যে জিএসটি দেন, তা পরে পণ্য বা পরিষেবা বিক্রির সময় তাঁদের দিতে হওয়া জিএসটির সঙ্গে সমন্বয় করতে পারেন। অর্থাৎ, ইনপুট ট্যাক্সের মতোই এমডিআরের উপর দেওয়া জিএসটির পরিমাণও আউটপুট ট্যাক্স থেকে বাদ দেওয়া যায়। তাই এনপিসিআইয়ের বক্তব্য, এমডিআরের উপর জিএসটির জন্য আলাদা করে ব্যবসায়ীদের পকেট থেকে অতিরিক্ত খরচ করতে হবে না।

UPI GST

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy