E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

দেশে ফের কি বাড়বে পেট্রল-ডিজ়েলের দাম? উৎসবের মরসুমে বাড়ছে শঙ্কা

কলকাতায় এখন ইন্ডিয়ান অয়েলের পাম্পে পেট্রল ও ডিজ়েলের দর লিটারে যথাক্রমে ১১৩.৫১ টাকা ও ৯৯.৮২ টাকা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০২৬ ০৬:৩৬

—প্রতীকী চিত্র।

উৎসবের মধ্যেই ফের চোখ রাঙাচ্ছে তেলের দাম। গত দু’সপ্তাহ ধরে পশ্চিম এশিয়ায় প্রায় ১৪-১৫টি জাহাজে আক্রমণের ঘটনা সামনে এসেছে। যার জেরে বিশ্ব বাজারে আবার চড়চড় করে বাড়ছে অশোধিত তেলের দর। মঙ্গলবার ব্যারেলে তা এক সময়ে ছুঁয়েছিল ১১১.৭৫ ডলার। গত পাঁচ মাসে এই প্রথম দাম ১১০ ডলারের গণ্ডি পেরোল। আশঙ্কা করা হচ্ছে দর আরও খানিকটা বাড়তে পারে। এর ফলে ভারতে খুচরো বাজারে পেট্রল, ডিজ়েলের দাম ফের বাড়ানো হবে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে।

তবে অনেকেরই বক্তব্য, উৎসবের মরসুম চলছে। তাই এখনই হয়তো দাম বাড়াবে না রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। তবে দাম এ রকম থাকলে বা আরও বাড়লে দেওয়ালির সময়ে গিয়ে দেশেও পেট্রল-ডিজ়েলের দাম বাড়াতে পারে তারা। উল্লেখ্য, কলকাতায় এখন ইন্ডিয়ান অয়েলের পাম্পে পেট্রল ও ডিজ়েলের দর লিটারে যথাক্রমে ১১৩.৫১ টাকা ও ৯৯.৮২ টাকা।

এর আগে সেপ্টেম্বরে কেন্দ্রের পক্ষ থেকে জানানো হয়েছিল, অশোধিত তেলের দাম বেশি দিন ১০০ ডলারের উপরে থাকলে দেশের বাজারে দাম বৃদ্ধি ছাড়া অন্য উপায় থাকবে না। তার পরেও প্রায় এক মাস ধরে তেলের দাম ঊর্ধ্বমুখী। এর মধ্যে নিজেদের প্রায় ৭০০০টি পেট্রল পাম্পে তেলের দাম বাড়িয়েছে বেসরকারি নায়রা এনার্জি।।

তবে অনেকে মনে করাচ্ছেন, আমেরিকার শুল্ক হুমকি এবং নিষেধাজ্ঞার কারণে জুন থেকে সেপ্টেম্বর— এই চার মাস রাশিয়া থেকে তেল কেনা অনেক কমিয়েছিল ভারত। সম্প্রতি সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে ফের মস্কোর তেল কেনা বাড়াতে নয়াদিল্লির অসুবিধা হবে না। যা সস্তায় পেলে তেলের চড়া দামের সঙ্কট কিছুটা হয়তো মোকাবিলা করা যেতে পারে। শেষ পর্যন্ত কী হয়, সেটাই এখন দেখার।

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Petrol Diesel

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy