ইউপিআই লেনদেনে চার্জ (এমডিআর) নিয়ে আপত্তি তুললেন পেট্রল পাম্পের মালিকেরা। বুধবার পেট্রলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সর্বভারতীয় সভাপতি অজয় বনসল অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের কাছে আর্জি জানিয়েছেন, তাঁরা অত্যন্ত কম মুনাফায় কাজ করেন ও ডিলারেরা যেমন খুশি তেলের দাম নিতে পারেন না। ফলে এই চার্জ বসলে ব্যবসা করা সমস্যার হবে। তাই পাম্পে যেন তা বসানো না হয়। সূত্রের খবর, একই আর্জি জানাতে পারেন গ্যাসের ডিলারেরাও। জ্বালানি, রেল, টেলিকম, বিমার মতো কিছু ক্ষেত্রে লেনদেনের অঙ্কের উপরে ০.৪ শতাংশের বদলে ৫ টাকা করে এমডিআর নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তা সে যত টাকাই হাতবদল হোক না কেন।
এর আগে ক্রেডিট ও ডেবিট কার্ডে বাড়তি মাসুল চালুর সময়েও আপত্তি জানিয়েছিলেন পাম্প মালিকেরা। তাতে সাড়াও দিয়েছিল কেন্দ্র। সে কথা মনে করিয়ে অজয়ের দাবি, পাম্পে অর্ধেকের বেশি লেনদেন হয় ২০০০ টাকার বেশি। তার অধিকাংশই হয় ইউপিআই-এর মাধ্যমে। ফলে এমডিআর চাপলে সমস্যা বাড়বে, তাই পাম্পগুলিকে এর বাইরে রাখা হোক। বিষয়টি নিয়ে তেল মন্ত্রকের কর্তাদের সঙ্গে এ দিন বৈঠক করেন ডিলারেরা। সেখানেও চার্জ তোলার কথা বলা হয়। যদিও কেন্দ্র দাবি করেছে, পাম্পে কম মুনাফার কথা মাথায় রেখেই ০.৪ শতাংশের বদলে ৫ টাকা করে এমডিআর বসানো হয়েছে।