E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

ভিন্ন ধরনের এবং খুব বড় বাণিজ্যচুক্তির কাছাকাছি পৌঁছেছে ভারত ও আমেরিকা, দাবি ট্রাম্পের

সংশ্লিষ্ট মহলের মতে, গত ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম পর্যায়ের কাঠামো চূড়ান্ত করার ঘোষণা হলেও, তার পরে সে ভাবে তার কাজ এগোয়নি।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৬ ০৬:৩৩
ডোনাল্ড ট্রাম্প।

ডোনাল্ড ট্রাম্প। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

আমেরিকার বিদেশসচিব মার্কো রুবিয়োর ভারত সফরের মধ্যেই দু’দেশের বাণিজ্য চুক্তি নিয়ে নতুন বার্তা দিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানালেন, ভারত ও আমেরিকার দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি চূড়ান্ত পর্যায়ের রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এই ‘ঐতিহাসিক’ চুক্তি সম্পন্ন হতে পারে। তাঁর বক্তব্য, দুই দেশ একটি ভিন্ন ধরনের বড় চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে। তাকে গতি দিতেই রুবিয়োর ভারত সফর। উল্লেখ্য, মুম্বইয়ে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরে, বুধবার সকালে টাটা সন্সের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন এবং আদানি গোষ্ঠীর প্রধান গৌতম আদানির সঙ্গে পৃথক বৈঠক সারেন রুবিয়ো। এর পরে গুজরাতের জামনগরে রিলায়্যান্সের তেল শোধনাগার পরিদর্শনে যান তিনি। যেখানে তাঁকে স্বাগত জানান মুকেশ অম্বানী এবং তাঁর পরিবার।

সংশ্লিষ্ট মহলের মতে, গত ফেব্রুয়ারিতে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির (বিটিএ) প্রথম পর্যায়ের কাঠামো চূড়ান্ত করার ঘোষণা হলেও, তার পরে সে ভাবে তার কাজ এগোয়নি। বিশেষত, রাশিয়ার তেল কেনায় ভারত-সহ বিভিন্ন দেশের উপরে আমেরিকা ১০০% পর্যন্ত শুল্ক চাপানোর হুমকি দেওয়ায় চুক্তি আলোচনায় প্রভাব পড়েছে বলে মনে করা হচ্ছে। তার পরে অক্টোবরের শুরুতে বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল আমেরিকায় জি২০ দেশগুলির বৈঠকের ফাঁকে সে দেশের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে দেখা করে বাণিজ্য চুক্তির খুঁটিনাটি বিষয়গুলি নিয়ে আলোচনা করেন। ইতিমধ্যেই আবার শুল্ক স্থগিত রাখার কথা জানিয়েছেন ট্রাম্প। ফলে এ বার তাঁর এই বার্তা তাৎপর্যপূর্ণ।

এ দিকে, ইতিমধ্যেই যে সমস্ত অবাধ বাণিজ্য চুক্তি ভারত করেছে, তার সুবিধা যাতে ব্যবসায়ীরা পুরোপুরি নিতে পারেন, সে জন্য প্রচার ও সচেতনতা অভিযান চালাচ্ছে কেন্দ্র। সমাজমাধ্যমে গয়ালের দাবি, ‘‘মোদী সরকারের লক্ষ্য হল, এই সুবিধাগুলি যেন কৃষক, শ্রমিক, নারী, তরুণ সমাজ, ছোট শিল্পের কাছে পৌঁছয়। যাতে তাঁরা আরও বেশি ‘মেড ইন ইন্ডিয়া’ পণ্য বিশ্ব বাজারে নিয়ে যেতে পারেন।’’

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Trade Deal Donald Trump

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy