এক দশক আগে কম খরচে উন্নত ৪জি প্রযুক্তির পরিষেবা এনে দেশে মোবাইল ব্যবহারের খোলনলচে পাল্টে ফেলেছিল মুকেশ অম্বানীর রিলায়্যান্স জিয়ো। এ বার ব্যক্তিগত কম্পিউটারের বাজারেও সেই লক্ষ্য নিয়ে এগোচ্ছে তারা। সে জন্য সংস্থার হাতিয়ার মানুষের হাতে থাকা তিন-চার বছরের পুরনো ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটার! যে কোনও সংস্থার নেট সংযোগ থাকলেই ‘জিয়ো পিসি’ পরিষেবার অধীনে যেগুলিকে তাদের নিজস্ব ক্লাউড কম্পিউটিং প্রযুক্তির সাহায্যে ‘নতুনের মতো’ ব্যবহার করা যাবে বলে দাবি জিয়োর।
সংস্থা জানিয়েছে, দুই, পাঁচ বা ১২ মাসের জন্য প্রকল্প নিতে হবে। খরচ হবে ১০০০-৫০০০ টাকা। তার পরে পুরনো যন্ত্র ব্যবহার করে ৮জিবি ক্ষমতাসম্পন্ন এবং ৫০০ জিবি তথ্য রাখার মতো কম্পিউটার চালানো যাবে। অথবা চাইলে তার থেকেও দ্রুতগতির এবং উন্নত কম্পিউটার পরিষেবা নেওয়া যাবে। এই সব তথ্য থাকবে জিয়োর ক্লাউডে। ফলে ল্যাপটপ হারালেও, তথ্য চুরি যাবে না। বরং গ্রাহক তথ্য সুরক্ষিত রাখতে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও দাবি সংস্থার।