E-Paper
এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে

চন্দ্রশেখরনের উত্তরসূরি কে? খুঁজবে নোয়েল টাটার নেতৃত্বে বিশেষ কমিটি

সংশ্লিষ্ট মহলের মতে, টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের তৃতীয় দফায় না ফেরার সিদ্ধান্ত এই সংস্থার বৃহত্তম অংশীদার (৬৬%) টাটা ট্রাস্টের সঙ্গে আরও তিক্ত বিরোধের আশঙ্কায় দাঁড়ি টেনেছে ঠিকই।

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ অগস্ট ২০২৬ ০৮:২৯
এন চন্দ্রশেখরন।

এন চন্দ্রশেখরন। — ফাইল চিত্র।

টাটা সন্সের বিদায়ী চেয়ারম্যান এন চন্দ্রশেখরনের উত্তরসূরি খোঁজার প্রক্রিয়া শুরু করে দিল টাটা গোষ্ঠী। বৃহস্পতিবার এই লক্ষ্যে বিশেষ কমিটি গড়েছে দোরাবজী টাটা ট্রাস্ট (এসডিটিটি)। যার শীর্ষ কর্তা টাটা ট্রাস্টস-এর চেয়ারম্যান নোয়েল টাটা। রতন টাটার সৎ ভাই। টাটা মারা যাওয়ার পরে ট্রাস্টসের দায়িত্ব নিয়েছেন। ফলে উত্তরসূরি খোঁজার কাজে তিনিই এখন মূল ভূমিকায়।

সংশ্লিষ্ট মহলের মতে, টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনের তৃতীয় দফায় না ফেরার সিদ্ধান্ত এই সংস্থার বৃহত্তম অংশীদার (৬৬%) টাটা ট্রাস্টের সঙ্গে আরও তিক্ত বিরোধের আশঙ্কায় দাঁড়ি টেনেছে ঠিকই। তবে ক্ষমতার লড়াইকে ফের উস্কে দিয়েছে। যা কর্মী বা লগ্নিকারীদের স্বার্থে আঘাত করবে কি না, সেটাই এখন বড় প্রশ্ন বলে মনে করছেন একাংশ। চন্দ্রের সরে যাওয়ার সিদ্ধান্তের মূলে টাটা ট্রাস্টস, তথা নোয়েলের ভূমিকা আছে বলেই দাবি সূত্রের। চন্দ্রশেখরনও বুধবার তাঁর সরে যাওয়ার কথা জানাতে গিয়ে দাবি করেছিলেন, তাঁকে তৃতীয়বারের জন্য এই পদে আরও পাঁচ বছর রেখে দেওয়ার প্রস্তাবে প্রায় সকলেই রাজি ছিলেন। শুধু একজন আপত্তি করেন। সিদ্ধান্ত সর্বসম্মত হয়নি বলেই গোষ্ঠীর সঙ্গে ৪০ বছরের সফর থামাচ্ছেন। তবে গোষ্ঠীর বিভিন্ন সংস্থার কর্মী, লগ্নিকারী, সহযোগী-সহ সংশ্লিষ্ট সব পক্ষেরই প্রশ্ন, টাটারা যখন বিমান পরিবহণ এবং ই-কমার্স ব্যবসায় মাথা তোলা লোকসান, অ্যাপলের মতো আন্তর্জাতিক সহযোগীর সঙ্গে কাজে করা-সহ একাধিক চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে, তখন গোষ্ঠীর অন্যতম দক্ষ নেতৃত্ব চন্দ্রশেখরনের অনুপস্থিতির বড় দাম চোকাতে হবে না তো?একাংশের মতে বিষয়টি অনেকটাই নির্ভর করছে উত্তরসূরি খুঁজে পাওয়ার উপরে। সংবাদ সংস্থা রয়টার্সের কাছে টাটা ট্রাস্টসের অন্যতম ট্রাস্টি বিজয় সিংহের বার্তা, ‘‘আমি যদি লগ্নিকারী হতাম, চিন্তায় পড়তাম। গোষ্ঠীর স্থিতিশীলতা খুব জরুরি বিষয় লগ্নিকারীদের কাছে এবং তা নির্ভর করে সংস্থা এবং তার বৃহত্তম শেয়ারহোল্ডারের সম্পর্কের উপর।’’ চন্দ্রশেখরনের সরে যাওয়ার কারণ হিসেবে যে সম্পর্কের ছন্দপতনের দিকেই মূলত আঙুল উঠছে।

এ দিন টাটা ট্রাস্টসের পক্ষ থেকে এক বিবৃতি প্রকাশ করা হয়। তাতেই জানানো হয় যে, যত শীঘ্র সম্ভব চন্দ্রশেখরনের উত্তরসূরি খোঁজার জন্য একটি বিশেষ কমিটি গঠনের জন্য প্রস্তাব পাশ করেছে এসডিটিটি। প্রস্তাবে বলা হয়েছে, সংস্থা গঠন সংক্রান্ত সনদ বা টাটা সন্সের ‘আর্টিকেল অব অ্যাসোসিয়েশনে’ উল্লেখিত বিধান অনুসারেই নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ দিন চন্দ্রশেখরনকে সম্মান জানিয়ে এক সৌজন্যমূলক বিবৃতিও দিয়েছে এসডিটিটি। তাতে তারা টাটা সন্স-সহ গোটা গোষ্ঠীকে দক্ষ হাতে পরিচালনা করার জন্য তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।”

এই প্রতিবেদনটি প্রথমে আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণে প্রকাশিত হয়েছে
Natarajan Chandrasekaran Tata Group

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy