Advertisement
E-Paper

খেলতে নেমেই ‘ধস’! ১,১০০ পয়েন্ট হারাল সেনসেক্স, ছ’মাসে তলানিতে পৌঁছে পাঁচ লক্ষ কোটি লোকসান শেয়ারবাজারে

সোমবার, ২৮ সেপ্টেম্বর ফের একবার খাদে নামল শেয়ার বাজার। কেন লাগাতার নামছে সেনসেক্স ও নিফটির সূচক?

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৬ ১৮:৪১
Representative Picture

—প্রতীকী চিত্র।

শেয়ার বাজারে লগ্নিকারীদের মাথায় হাত! সপ্তাহের প্রথম কাজের দিনেই খাদে নামল সূচক। গত ছ’মাসের মধ্যে যেটা সর্বানিম্ন। শুধু তা-ই নয়, এই নিয়ে টানা সাত সপ্তাহের লেনদেনে স্টকের রক্তক্ষরণ অব্যাহত থাকায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে লোকসানের অঙ্ক। সোমবার, ২৮ সেপ্টেম্বর, সব মিলিয়ে পাঁচ লক্ষ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বিনিয়োগকারীদের।

এদিন সকালে বাজার খোলার সঙ্গে সঙ্গেই লাফিয়ে লাফিয়ে নামতে থাকে শেয়ার সূচক। দিন শেষে দেখা যায় ১,১২৪.০২ পয়েন্ট পড়েছে সেনসেক্স। ফলে, ৭২,৭৭১.৭২ পয়েন্ট পৌঁছে দৌড় থামায় বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই)। শতাংশের নিরিখে এর পতনের পরিমাণ ১.৫২। একই ছবি দেখা গিয়েছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জেও (এনএসই)।

সোমবার, ১.৫৬ শতাংশ পড়ে যায় নিফটি-৫০। ফলে, ৩৬০.২৫ পয়েন্ট নেমেছে এনএসই-র এই সূচক। শুধু তা-ই নয়, বর্তমানে দেশের সবচেয়ে বড় শেয়ার বাজারটি দাঁড়িয়ে আছে ২২,৭৮০.২৫ পয়েন্টে। সপ্তাহের প্রথম লেনদেনের দিনে সেনসেক্স-নিফটির ‘দুর্বল ব্যাটিং’ দেখে যথেষ্ট উদ্বিগ্ন বিশেষজ্ঞ মহল। যদিও আপাতত পরিস্থিতি বদলের কোনও আশা দেখাতে পারেননি তাঁরা।

ব্রোকারেজ ফার্মগুলির দেওয়া তথ্য অনুযায়ী, এদিন ১.৬ শতাংশ কমেছে নিফটি মিডক্যাপের সূচক। পাশাপাশি, নিফটি স্মলক্যাপ হ্রাস পেয়েছে ১.৮ শতাংশ। সোমবার, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে সর্বাধিক লোকসানের মুখ দেখেছেন জ়িয়ো ফিন্যান্সশিয়াল, টাটা মোটর্‌স প্যাসেঞ্জার ভেহিকেল্‌স, লার্সেন অ্যান্ড টুব্রো, আদানি এন্টারপ্রাইজেজ এবং আদানি পোর্টসের লগ্নিকারীরা।

অন্য দিকে, ‘মরা’ বাজারেও মুনাফা দিয়েছে টেক মাহিন্দ্রা, ডক্টর রেড্ডিস ল্যাব এবং ইনফোসিস। যদিও দিনভর বাজারের প্রতিটা ক্ষেত্রকে লালরেখায় থাকতে দেখা গিয়েছে। উল্লেখ্য, রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের সূচক তিন শতাংশ, টেলি পরিষেবার ২.৩ শতাংশ, জ্বালানি, পরিকাঠামো, ভোগ্যপণ্য, রিয়েল এস্টেট, বেসরকারি ব্যাঙ্ক, ধাতুশঙ্কর এবং তেল ও গ্যাসের সূচক কমেছে। এক শতাংশ।

এদিন ১৯০টি স্টকে ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর দেখতে পাওয়া গিয়েছে। সেই তালিকায় নাম আছে আইআরবি ইনফ্রা, ইন্ডিয়া সিমেন্টস, ব্যাঙ্ক অফ বরোদা, আদিত্য বিড়লা লাইফস্টাইল, টাটা কনজ্যুমার, অম্বুজা সিমেন্ট, সিইএসই, টাটা মোটর‌স প্যাসেঞ্জার ভেহিকেল্‌স, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেড এবং জেনারেল ইনস্যুরেন্সের।

শেয়ারবাজারের এ-হেন পতনের নেপথ্যে একাধিক কারণ চিহ্নিত করছেন বিশ্লেষকদের একাংশ। এর মধ্যে অন্যতম হল, বিশ্ববাজারে খনিজ তেলের মূল্যবৃদ্ধি। সেটা এখনও ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরেই রয়েছে। ফলে দিন দিন বাড়ছে ভারতের আমদানি খরচ। পাশাপাশি, ঘরোয়া বাজারে মুদ্রাস্ফীতির প্রবল সম্ভাবনা রয়েছে। এতে ডলারের নিরিখে আরও দুর্বল হতে পারে এ দেশের মুদ্রা রুপি।

সেনসেক্স-নিফটির খাদে নামার দ্বিতীয় কারণ হিসাবে বিশ্বব্যাপী সরকারি বন্ডের সুদের হার বৃদ্ধিকেও চিহ্নিত করা হয়েছে। এটা বিগত বেশ কয়েক বছর দেখা যায়নি। এ ছাড়া, ভূ-রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতীয় শেয়ারবাজার থেকে মুখ ফেরাচ্ছেন বিদেশি লগ্নিকারীরা। এই পরিস্থিতিতে সর্বাধিক ক্ষতিগ্রস্ত শেয়ারের তালিকায় সরকারি-বেসরকারি ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি জায়গা পাওয়ায় আরও বাড়ছে উদ্বেগ।

(বিশেষ দ্রষ্টব্য: শেয়ার বাজারে লগ্নি বাজারগত ঝুঁকিসাপেক্ষ। আর তাই বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই স্টকে বিনিয়োগ করুন। এতে আর্থিক ভাবে লোকসান হলে আনন্দবাজার ডট কম কর্তৃপক্ষ কোনও ভাবেই দায়ী নয়।)

Sensex Nifty Bombay Stock Exchange National Stock Exchange Stock Market Fall

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy