সংস্থা দখলের লড়াইয়ে ফের উত্তাল দেশের কর্পোরেট দুনিয়া। সূত্রের খবর, টি ভি সুন্দরম আয়াঙ্গারের প্রতিষ্ঠিত টিভিএস গোষ্ঠীতে চড়ছে বিরোধ। গোষ্ঠীভুক্ত টিভিএস মোটর ও মূল সংস্থা টিভিএস হোল্ডিং-এর মালিকানার দখল নিয়ে দূরত্ব বাড়ছে আয়াঙ্গারের নাতি বেণু শ্রীনিবাসনের ছেলেমেয়ের মধ্যে। বিবাদ মেটাতে তৎপর বেণুর স্ত্রী মল্লিকা শ্রীনিবাসন। দুই ছেলেমেয়ে লক্ষ্মী বেণু, সুদর্শন বেণুকে আলোচনার টেবিলে বসার ডাক দিয়েছেন। এই ঘটনা মনে করাচ্ছে প্রায় দু’দশক আগে রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়ের দখল নিয়ে মুকেশ ও অনিল অম্বানীর বিরোধকে। তা মেটাতে মাঠে নামতে হয়েছিল তাঁদের মা কোকিলাবেনকে। কিছুটা সে ভাবেই সন্তানদের বৈঠকে বসতে এবং শান্তি বজায় রেখে ব্যবসা ভাগের পরামর্শ দিয়েছেন মল্লিকা। তবে এখনও পর্যন্ত সমাধানসূত্র বেরোয়নি। এ নিয়ে মন্তব্য করেনি টিভিএস গোষ্ঠী।