রাজ্যে ১২-১৮ মাসে একাধিক শিল্পে মোট ৪৬০ কোটি টাকা লগ্নি ঢালবে স্থানীয় তনধন গোষ্ঠী। তাদের আশা, পরিকল্পনা সফল হলে বার্ষিক আয় ৯৫০ কোটিতে পৌঁছবে। বর্তমানে যা ৬৫০ কোটি টাকা। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত কলকাতার এই শিল্প গোষ্ঠী মূলত বস্ত্র, সৌর বিদ্যুৎ, পলিমারের টার্পোলিন ও হোটেল ব্যবসায় যুক্ত। তনধনের ডিরেক্টর প্রাচী জালানের দাবি, ব্যবসা সম্প্রসারণ হলে কর্মসংস্থান বাড়বে প্রায় ৪০০। আগামী ১৬ মাসে কর্মীসংখ্যা ছোঁবে ১৮০০।
পূর্ব ভারতে ডেনিম কাপড় তৈরির একমাত্র সংস্থা তনধন। হাওড়ায় রয়েছে কারখানা। ২৫০ কোটি ঢেলে তার সম্প্রসারণ করা হবে। গড়া হবে নতুন স্পিনিং প্ল্যান্ট। ১.৫ কোটি মিটার থেকে উৎপাদন পৌঁছবে বছরে ২.১০ কোটিতে। প্রাচীর দাবি, এখানে ২০০ কর্মী কাজ পাবেন। এ ছাড়া পলিমারের চাদর তৈরির কারখানায় উৎপাদন বাড়াতে বিদেশি প্রযুক্তি ব্যবহারের পাশাপাশি ২১০ কোটি টাকা লগ্নি করবে সংস্থা।
সংস্থার অপর ডিরেক্টর অনুজ জালান জানান, কেন্দ্র ও রাজ্য কোন ক্ষেত্রে জোর দিতে চায়, সেই বুঝে ব্যবসা বৃদ্ধির পরিকল্পনা স্থির করেন তাঁরা। ইতিমধ্যে এশিয়া, আফ্রিকা এবং পশ্চিম এশিয়ার বিভিন্ন দেশে ১ মেগাওয়াট পর্যন্ত সৌর বিদ্যুৎ কারখানাও তৈরি করেছে সংস্থা।