রাজ্যের পর্যটন শিল্পকে পাখির চোখ করে এখানে ৫-৭ বছরের মধ্যে আরও ৯টি বিলাসবহুল হোটেল চালু করতে চলেছে টাটা গোষ্ঠী। এ জন্য তাদের শাখা ইন্ডিয়া হোটেলস (যারা তাজ ব্র্যান্ড পরিচালনা করে) হাত মিলিয়েছে অম্বুজা নেওটিয়া গোষ্ঠীর সঙ্গে। টাটাদের হয়ে হোটেলগুলি তৈরির জন্য অম্বুজারা ঢালবে ২৭০০-৩০০০ কোটি টাকা। গড়া হবে প্রায় ৩৬৫টি বিলাসবহুল আবাসনও। সংশ্লিষ্ট মহলের বক্তব্য, পর্যটন ক্ষেত্রে একলপ্তে এত বড় লগ্নি রাজ্যে আগে সম্ভবত কখনও হয়নি। শনিবার কলকাতা ও শিলিগুড়িতে ‘অল্টএয়ার হাউস’ ব্র্যােন্ডর দু’টি হোটেল খুলেছে তারা। করা হয়েছে কার্শিয়াঙে তাজ হোটেলের সম্প্রসারণও।
শনিবার ইন্ডিয়া হোটেলসের এমডি-সিইও পুনীত চাটওয়াল বলেন, “পশ্চিমবঙ্গ ও উত্তর-পূর্ব ভারতে টাটা গোষ্ঠীর হোটেল বর্তমানে অম্বুজারা তৈরি করে। তারাই এই ৯টি হোটেল গড়ছে। সেগুলি পরিচালনা করবে তাজ।” অম্বুজা গোষ্ঠীর চেয়ারম্যান হর্ষবর্ধন নেওটিয়া বলেন, “দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, লাটাগুড়ি, দিঘা, রায়চক মিলিয়ে হোটেল ও বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি হবে। রাজ্যে হোটেলের ঘর বাড়বে প্রায় ১০০০টি। পরের ধাপে দক্ষিণবঙ্গের কিছু পর্যটন কেন্দ্রে হোটেল তৈরির পরিকল্পনা রয়েছে।” ইতিমধ্যেই স্বাস্থ্য, খুচরো ব্যবসা, আবাসনের মতো নানা ক্ষেত্রে পাঁচ বছরে রাজ্যে ১৫,০০০ কোটি টাকা লগ্নির কথা জানিয়েছে অম্বুজারা। সংশ্লিষ্ট মহলের মতে, পর্যটন ও পরিকাঠামো ক্ষেত্রে বাংলা এগোবে বলে মনে করছে টাটারা। তবে আরও বেশি বিদেশি পর্যটক টানতে সরকারি উদ্যোগ জরুরি জানিয়ে পুনীতের বক্তব্য, “পর্যটনকে শুধু শিল্পের তকমা দিলে হবে না। তার নীতি যাতে ঠিকমতো ও দ্রুত মানা হয়, নতুন সরকারকে তা নিশ্চিত করতে হবে।” রাজ্যের পরিকাঠামো ক্ষেত্রে বড় বদলেরও আশা করছেন তিনি। বর্তমান সরকার তা তৈরি করবে বলে নেওটিয়ার মত।