টাটা গোষ্ঠীর শনির দশা! তথ্যপ্রযুক্তির পর এ বার গাড়ি নির্মাণশিল্পেও কর্মী হ্রাসের সিদ্ধান্ত নিয়ে ফেলল ভারতের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। যদিও সেই ছাঁটাইয়ের কোপে আপাতত পড়তে হচ্ছে না এ দেশের বাসিন্দাদের। চাকরি খোয়াবেন শুধুমাত্র ব্রিটেনের কারখানার কর্মীরা। তবে সেই সংখ্যাটাও নেহাত কম নয়। সব মিলিয়ে ৪,০০০ জনকে ছাঁটাইয়ের বন্দোবস্ত একরকম পাকা বলে সূত্র মারফত মিলেছে খবর।
ব্রিটেনের বিলাসবহুল গাড়ি সংস্থা জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের মালিকানা রয়েছে টাটা মোটর্সের হাতে। দ্বীপরাষ্ট্রের জনপ্রিয় গণমাধ্যম দ্য টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আগামী দু’বছরে সেখানকার ৪,০০০ কর্মীকে ছাঁটাই করবে ভারতের ঐতিহ্যবাহী শিল্প গোষ্ঠী। এই প্রক্রিয়ায় ১৭০ কোটি পাউন্ড সাশ্রয় করতে চাইছে তারা। এ দেশের মুদ্রায় সেটা প্রায় ২১,৭০০ কোটি টাকা।
সংশ্লিষ্ট ইস্যুতে সংবাদমাধ্যমের কাছে মুখ খুলেছে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের কর্মচারী ও শ্রমিক সংগঠন। তাদের দাবি, ইতিমধ্যেই স্বেচ্ছাবসরে যাওয়ার কর্মসূচি চালু করেছে টাটা মোটর্স। শুধু তা-ই নয়, উৎপাদন হ্রাসেরও পরিকল্পনা রয়েছে তাদের। সেই কারণে ‘ব্রেক ইভেন্ট পয়েন্ট’ অর্থাৎ বছরে তিন লক্ষের বেশি গাড়ি তৈরি করতে চাইছে না তারা।
যে কোনও শিল্পোৎপাদনের ক্ষেত্রে আয় ও ব্যয়ের মিলনবিন্দুর নাম ‘ব্রেক ইভেন্ট পয়েন্ট’। এতে সংশ্লিষ্ট সংস্থার কোনও লাভ বা ক্ষতি হয় না। দ্য টাইমস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির জেরে ইউরোপের বাজারে হঠাৎই অনেকটা বৃদ্ধি পেয়েছে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার গাড়ির দাম। এতে বিক্রি কমে যাওয়ায় কর্মী ছাঁটাই এবং উৎপাদন কমানোর মতো সিদ্ধান্ত নিতে একরকম বাধ্য হচ্ছে টাটা মোটর্স।
আরও পড়ুন:
উল্লেখ্য, ব্রিটেনের দু’টি জায়গায় এই বিলাসবহুল গাড়ি সংস্থাটির কারখানা রয়েছে। সেগুলি হল, মিডল্যান্ডস এবং মার্সিসাইড। সব মিলিয়ে বর্তমানে জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের কর্মী সংখ্যা ৩৪,০০০। এ ছাড়া তাদের বিভিন্ন যন্ত্রাংশ সরবরাহকারী সংস্থাগুলিতে চাকরি করেন আরও ১.২ লাখ জন। টাটা মোটর্সের সিদ্ধান্তে অনেকের জীবনই যে ঘোর অনিশ্চিয়তার মুখে পড়তে চলেছে, তা বলাই বাহুল্য।
তাৎপর্যপূর্ণ বিষয় হল, মার্কিন যুক্তরাষ্ট্রে সর্বাধিক বিক্রি হয় জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভার। টাটাদের এই বিলাসবহুল গাড়ির ২৯ শতাংশই যায় আমেরিকায়। কিন্তু, বর্তমানে এর উপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে ওয়াশিংটন। ফলে অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে প্রতিযোগিতায় ক্রমশ পিছিয়ে পড়ছে তারা। ফলে চলতি আর্থিক বছরের (২০২৬-’২৭) প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন) ১০ শতাংশ রাজস্ব কমেছে তাদের।
সম্প্রতি, এক লাখ কর্মী ছাঁটাইয়ের কথা ঘোষণা করেছে জার্মান গাড়ি নির্মাণকারী সংস্থা ফোক্সভাগেন। মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গের প্রতিবেদন অনুযায়ী, ভারতের ১২ শতাংশ কর্মচারী কমাতে চলেছে তারা। গত আর্থিক বছরে (২০২৫-’২৬) বিপুল সংখ্যায় কর্মী হ্রাস করে টাটাদের তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস। এ বার সেই তালিকায় নাম উঠল টাটা মোটর্সের জাগুয়ার অ্যান্ড ল্যান্ড রোভারের।