আগামী ১৭ সেপ্টেম্বর তাদের আইপিও আনতে চলেছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ। বহু প্রতীক্ষিত এই আইপিওর মাধ্যমে বিনিয়োগকারীরা দেশের শেয়ারবাজারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এনএসইতে বিনিয়োগের সুযোগ পাবেন। তাই এই আইপিওটি নিয়ে আগ্রহ তুঙ্গে বিনিয়োগকারীদের। আগামী ১৭ সেপ্টেম্বর ইনিশিয়াল পাবলিক অফারিং (আইপিও) চালু করতে চলেছে শেয়ারবাজার প্রতিষ্ঠানটি। প্রায় ১০ বছর আগে প্রথম বার শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়ার পরিকল্পনা করেছিল এনএসই বা নিফটি এক্সচেঞ্জ। সেই দীর্ঘ অপেক্ষার পর এ বার আইপিও আনা এক্সচেঞ্জটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক বলে মত শেয়ারবাজারে বিনিয়োগকারীদের।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে এনএসই-র আইপিওটি হবে অফার ফর সেল। এর অর্থ, এনএসই নিজে কোনও নতুন শেয়ার ছাড়বে না বাজারে। বরং সংস্থার বর্তমান শেয়ারহোল্ডাররা নিজেদের হাতে থাকা কিছু শেয়ার বিক্রি করবেন। ফলে এই আইপিও থেকে পাওয়া টাকা এনএসই-র নতুন মূলধন হিসেবে যোগ হবে না। শেয়ারহোল্ডাররাই সেই অর্থ পাবেন। ২২,৫৬৯ কোটি টাকার এই পাবলিক ইস্যুটি ভারতের দ্বিতীয় বৃহত্তম আইপিও হতে চলেছে বলে মত বাজার বিশেষজ্ঞদের।
আইপিওর জন্য প্রতি শেয়ারের দাম ১,৭০০ টাকা থেকে ১,৭৮৫ টাকা মধ্যে ঘোরাফেরা করতে পারে বলে এনএসই সূত্রে খবর। আইপিওতে সাধারণ বিনিয়োগকারীরা ১৭ সেপ্টেম্বর থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন জমা করতে পারবেন। তার আগে ১৬ সেপ্টেম্বর অ্যাঙ্কর ইনভেস্টরদের জন্য নিলাম হওয়ার কথা রয়েছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী চললে ২৪ সেপ্টেম্বর নাগাদ এনএসই-এর স্টক শেয়ারবাজারের তালিকাভুক্ত হতে পারে।
এনএসইর কয়েক জন বড় শেয়ারহোল্ডার আইপিওতে বিক্রি করতে চাওয়া শেয়ারের সংখ্যা কমিয়ে দিয়েছেন। এর ফলে আইপিওর মোট আকার আগের পরিকল্পনার তুলনায় ১৫ শতাংশেরও বেশি কমেছে। যেহেতু পুরো আইপিওটিই অফার ফর সেল, তাই এই শেয়ার বিক্রি থেকে এনএসই নিজে কোনও টাকা পাবে না। আইপিওতে যে শেয়ারগুলি বিক্রি করা হবে, সেগুলির টাকা সরাসরি বর্তমান শেয়ারহোল্ডারদের কাছেই যাবে।