১ অক্টোবর থেকে স্থায়ী আমানতের ক্ষেত্রে আসছে নয়া নিয়ম। মোটা টাকার স্থায়ী আমানত জমা দেওয়ার ক্ষেত্রে বিশেষ নিয়ম চালু করতে চলেছে ভারতের কেন্দ্রীয় ব্যাঙ্ক রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোনও গ্রাহক যদি ফিক্সড ডিপোজিট বা স্থায়ী আমানতে ৩ কোটি টাকা বা তার বেশি রাখার পরিকল্পনা করে থাকেন, তবে তাঁদের এই নিয়মের বিষয়ে জেনে রাখা দরকার। কারণ নতুন এই নিয়মের সরাসরি প্রভাব পড়বে বড় অঙ্কের স্থায়ী আমানত করা বিনিয়োগকারীদের উপর। বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজিট করেন যাঁরা, তাঁদের জন্য সুদের হার সংক্রান্ত তথ্য আরও স্বচ্ছ করতেই এই নতুন ব্যবস্থা চালু করেছে কেন্দ্রীয় ব্যাঙ্ক বলে মনে করছেন অনেকেই।
নতুন নিয়ম অনুযায়ী, প্রতিদিন সকাল ১০টার মধ্যে এই সুদের হার প্রকাশ করতে হবে ব্যাঙ্কগুলিকে। দেরি হলে সর্বোচ্চ ১০ মিনিটের অতিরিক্ত সময় মিলবে। সকাল ১০টা ১০ মিনিটের মধ্যে সুদের হার আপডেট করতেই হবে। আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক যে সুদের হার ওয়েবসাইটে প্রকাশ করবে, সুদ দেওয়ার সময় সেই হারই প্রযোজ্য হবে। নিয়ম অনুসারে, প্রতিটি কাজের দিনের সকাল ১০টার মধ্যে ‘বাল্ক ডিপোজ়িট’ বা বিপুল অঙ্কের ফিক্সড ডিপোজ়িটের সুদের হার প্রকাশ করতে হবে।
সাধারণত নির্ধারিত বাণিজ্যিক ব্যাঙ্কগুলিতে ৩ কোটি টাকা বা তার বেশি একক টার্ম ডিপোজ়িটকে ‘বাল্ক ডিপোজ়িট’ হিসেবে ধরা হয়। একই দিনে একই ধরনের ও সমপরিমাণ ‘বাল্ক ডিপোজ়িট’-এর ক্ষেত্রে বিভিন্ন শাখায় আলাদা সুদের হার দেওয়া যাবে না বলে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। ১ অক্টোবর থেকে নতুন নিয়ম কার্যকর হলে, এই ধরনের এফডিতে টাকা জমা দেওয়ার আগে আমানতকারীরা সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েবসাইটে গিয়ে সেই সময়ে প্রযোজ্য সুদের হার দেখে নিতে পারবেন। ফলে টাকা জমা করার আগেই তাঁরা সুদের হার সম্পর্কে স্পষ্ট ধারণা পাবেন।
নতুন এই কাঠামোর মূল লক্ষ্য হল ‘বাল্ক এফডি’র সুদের হার নির্ধারণে আরও স্বচ্ছতা ও সামঞ্জস্য আনা। এই পরিবর্তনের প্রভাব মূলত বড় অঙ্কের টাকা এফডিতে রাখা আমানতকারীদের উপর পড়বে। অন্য দিকে, সাধারণ গ্রাহকেরা যাঁরা তুলনামূলক কম পরিমাণে ফিক্সড ডিপোজিট করেন, তাঁদের ক্ষেত্রে এই নিয়মের সরাসরি প্রভাব পড়বে না।