Advertisement
E-Paper

এআই সংস্থায় মাত্র ছ’বছর চাকরি, ৬৭০ কোটি টাকার ‘প্রাসাদ’ কিনে শোরগোল ফেললেন চিনা প্রযুক্তিবিদ

ছ’কামরাবিশিষ্ট এই বিলাসবহুল বিশাল অট্টালিকাটির মালিক ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার এক্স-এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা টনি উ ইউহুয়াই। ক্যালিফর্নিয়ার এই প্রাসাদোপম বাড়িটির জন্য ৭ কোটি ডলার ব্যয় করেছেন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ অগস্ট ২০২৬ ১৮:০৫

ছবি: সংগৃহীত।

ব্যক্তিগত গল্‌ফ কোর্স, খোলা অ্যাম্ফিথিয়েটার এবং নোনা জলের একটি বিশাল অ্যাকোয়ারিয়াম। কী নেই বাড়িটিতে। হবে নাই বা কেন। ক্যালিফর্নিয়ায় বিক্রি হওয়া সবচেয়ে দামি বাড়িগুলোর মধ্যে একটি। দাম ৬৭০ কোটি টাকা! সেই বাড়িটি কিনে আলোচনার কেন্দ্রবিন্দুতে এক চিনা সফ্‌টঅয়্যার ডেভেলপার।

ছ’কামরাবিশিষ্ট এই বিলাসবহুল বিশাল অট্টালিকাটির মালিক ইলন মাস্কের কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগার এক্স-এআইয়ের সহ-প্রতিষ্ঠাতা টনি উ ইউহুয়াই। ক্যালিফর্নিয়ার এই প্রাসাদোপম বাড়িটির জন্য ৭ কোটি ডলার ব্যয় করেছেন তিনি। টনি চিনা বংশোদ্ভূত। মূলত গণিত ও মেশিন লার্নিং নিয়ে পড়াশোনা করেছেন ৩০ বছরের এই তরুণ। এআই নিয়ে গবেষণা ও চাকরির মাত্র ছ’বছরের মধ্যেই তিনি বিশাল সম্পত্তি কিনে তাক লাগিয়ে দিয়েছেন গোটা বিশ্বকে। ক্যালিফর্নিয়ার সিলিকন ভ্যালির কাছের একটি অভিজাত এলাকা হিলসবরো। ‘দ্য সান ফ্রান্সিসকো স্ট্যান্ডার্ড’-এর একটি প্রতিবেদন অনুসারে, সেখানে ১২ একরের (৪.৮ হেক্টর) একটি ব্যক্তিগত এস্টেটের মালিকানা এখন টনির হাতে।

টনি যে বাড়িটি কিনেছেন, সেই ‘ভিলা দে ভেরানো’ সাধারণ কোনও বাড়ি নয়। বরং এটি একটি ব্যক্তিগত রিসর্টের মতো বিশাল এস্টেট। বাড়িটির সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর বিলাসবহুল সুযোগ-সুবিধা। এস্টেটের মধ্যেই রয়েছে একটি গল্‌ফ কোর্স, খোলা আকাশের নীচে ১২০ আসনবিশিষ্ট অ্যাম্ফিথিয়েটার এবং ২,১০০ গ্যালনের অ্যাকোয়ারিয়াম। এ ছাড়াও রয়েছে সুইমিং পুল, টেনিস কোর্ট, স্পোর্টস প্যাভিলিয়ন, জিম, থিয়েটার ও গেম রুম। সম্পত্তিটি প্রথমে ৮ কোটি ৮০ লাখ ডলার বিক্রি হওয়ার কথা ছিল। পরে দাম কমিয়ে ৭ কোটি ৮৮ লাখ ডলার করা হয় এবং শেষ পর্যন্ত ৭ কোটি ডলারে (প্রায় ৬৭০ কোটি টাকা) বিক্রি হয়।

২০১৫ সালে গণিতে স্নাতক হওয়ার পর মেশিন লার্নিং নিয়ে পিএইচডি করেন টনি। তাঁর গবেষণা জীবনের শুরুতেই তিনি ওপেন এআই এবং গুগ্‌ল ডিপমাইন্ডে ইন্টার্ন করেন। ২০২১ সালে গুগ্‌লের গবেষক হিসেবে যোগ দেন। ২০২৩ সালে মাস্কের সংস্থা এক্সএআই-এর অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য হন টনি। উন্নত এআই সিস্টেম তৈরির ক্ষেত্রে মাস্কের উচ্চাকাঙ্ক্ষাকে কেন্দ্র করে সংস্থাটি গড়ে ওঠে। চ্যাটবট ‘গ্রক’ তৈরিতে বিশেষ অবদান রয়েছে টনির। মাস্কের এআই সংস্থাটি স্পেসএক্স অধিগ্রহণ করার অল্প কিছু দিন পরে, ফেব্রুয়ারিতে টনি এক্সএআই ছেড়ে দেন।

China AI xAI Elon Musk

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy